কোথায় শিখবেন সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঢাকায় সাঁতার শেখার জন্য সরকারি-বেসরকারি কিছু সুইমিংপুল আছে। নির্দিষ্ট ফির মাধ্যমে প্রশিক্ষকের অধীনে সাঁতার শেখা যায়

আসমা হায়দার আট বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছেন ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সাঁতার শেখাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা বাড়ির বড়দের কাছ থেকে পুকুরে সাঁতার শিখেছি। এখনকার বাচ্চাদের তো সেই সুযোগ নেই। এই সুইমিং পুলই এখন তাদের ভরসা।’

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় এই ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে দেখা যায় কেউ সাঁতারের জন্য ঢুকছেন, কেউ বের হচ্ছেন। জেরিন খান পাশেই থাকেন। সাঁতার আগে থেকেই জানা ছিল। যেন ভুলে না যান, তাই তিনি এ মাসে ভর্তি হয়েছেন সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। নিয়মিত সাঁতার কাটেন। ঢাকায় সাঁতার শেখার জন্য পুকুর নেই, তবে সরকারি-বেসরকারি কিছু সুইমিং পুল আছে। এসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট ফির মাধ্যমে প্রশিক্ষকের অধীনে সাঁতার শেখা যায়।
জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর: পাঁচ বছর বয়স থেকে এখানে সাঁতার শেখানো হয়। রবি ও সোমবার বাদে প্রতিদিন খোলা। ভর্তি ফি আড়াই হাজার টাকা। পরের মাস থেকে দুই হাজার টাকা। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। যোগাযোগ: ০১৯১২০৫৭৪৯৭।
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এখানে সবাই সাঁতার শিখতে পারবে। সাত বছর বয়স থেকে ভর্তি হওয়া যাবে। তবে অবশ্যই চার ফুট লম্বা হতে হবে। ভর্তি ফি ২ হাজার ১০ টাকা। পরের মাস থেকে এক হাজার টাকা। যোগাযোগ: ০১৭১৯৮৭৮৯৪৮।
সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স: শুধু মেয়েদের জন্য। শুক্রবার ছাড়া প্রতিদিন সাঁতার শেখানো হয়। ছয়-সাত বছর বয়স থেকে ভর্তি করা হয়। ভর্তি ফি ৫০০ টাকাসহ প্রথম মাসে আড়াই হাজার টাকা। এরপর থেকে প্রতি মাসে দুই হাজার টাকা। যোগাযোগ: ৯১১৯৭০৪।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল: এখানে শুধু ছেলেদের সাঁতার শেখার ব্যবস্থা আছে। সাত বছর বয়স থেকে ভর্তি করা হয়। প্রথম মাসে দুই হাজার টাকা দিতে হবে। পরের মাস থেকে দেড় হাজার টাকা। সপ্তাহে পাঁচ দিন শেখানো হয়। মঙ্গল ও বুধবার বন্ধ। যোগাযোগ: ০১৭১২৬০৪৯৫২।
অফিসার্স ক্লাব: বেইলি রোডের অফিসার্স ক্লাবে পাঁচ বছর বয়স থেকে ভর্তি নেওয়া হয়। ১৬টি কোর্সে সাঁতার শেখানো হয়। ক্লাবের সদস্য না হয়েও এখানে সাঁতার শেখা যায়। ভর্তি ফি পাঁচ হাজার টাকা। তবে সাঁতারের পোশাকসহ ৬ হাজার ১০০ টাকা। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। যোগাযোগ: ০১৯২৩৬২৫০৯৬।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও: শুক্র থেকে সোমবার সপ্তাহে চার দিন সাঁতার শেখানো হয়। ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ভর্তি ফি সাড়ে ১৭ হাজার টাকা। ১২ বছরের বেশি হলে সাড়ে ২১ হাজার টাকা। একই পরিবারের একাধিক সদস্য হলে দুই হাজার টাকা ছাড়। ছোটদের জন্য শুক্র-শনিবার সকাল ৯টা থেকে ১০টা এবং রোববার ও সোমবার বিকেল ৩টা থেকে ৪টা। বড়দের জন্য রাত ৮টা থেকে ৯টা। যোগাযোগ: ৫৫০২৮০০৮।
এ ছাড়া বিভিন্ন পাঁচতারকা হোটেলে সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে।