কোদালীছড়ায় খালে বাঁধ সংকটে মৎসজীবীরা

মৌলভীবাজার সদর উপজেলার কোদালীছড়ায় বাঁশের তৈরি বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার সঙ্গে অবাধে চলছে মাছ শিকার। খালের ওপর নির্ভরশীল মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েছেন।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কোদালীছড়ার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু এলাকায় জলকপাটের (স্লুইসগেট) ভাটিতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি একটি বাঁধ দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে এটি বসনি, খাটি বা খাটিয়া নামে পরিচিত। মৌলভীবাজারের বর্ষিজুরার পাহাড়ি এলাকায় উৎপন্ন এই খালটি হাইল হাওরের সঙ্গে মিশেছে। ১৫-২০ দিন ধরে এই বাঁধ দিয়েছে স্থানীয় কয়েকজন।
মৎস্যজীবীরা জানান, আজমেরু গ্রামের অন্তত ২০টি পরিবার এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শুধু এ এলাকাতেই তিনটি বাঁধ আছে। এই খালের সঙ্গে যুক্ত কানাইখালী খালেও এক মাস ধরে আরেকটি বাঁধ দেওয়া আছে। এ কারণে পানিপ্রবাহ এবং মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাঁধের সঙ্গে পাতানো ফাঁদে মাছ আটকা পড়ে। এর বাইরে আর মাছ ধরা পড়ছে না।
এ ছাড়া খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানি সেচেও মাছ ধরা চলছে। এসব লোক মৎসজীবী না বলে তাঁরা জানান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, বাঁধের কারণে তাঁরা মাছ পাচ্ছেন না বলে বেকার হয়ে পড়েছেন। মৎস্যজীবী বাবুল দাস বলেন, ‘খালে অনেক ইনকাম আছে। এক দিন মাছ ধরলে আর লাগে না। কয়েক দিন চলা যায়।’
বাঁধ দিয়েছেন এমন একজন মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের জসিম মিয়া বলেন, ‘দুই বছর ধরেই এ রকম মাছ মারার জন্য গাঙে (খালে) খাটিয়া দেওয়া হচ্ছে। খালি (শুধু) আমি না। অনেকেই তো মাছ মারছে। এখন পানি কমে গেছে। অনেক স্থানে বাঁধ দিয়ে গাঙ সেচেও মাছ মারা হচ্ছে।’ এ রকম বাঁধ দেওয়া নিষিদ্ধ জেনেও শুধু মাছ ধরার জন্য তিনি বাঁধ দিয়েছেন বলে স্বীকার করেন।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রুমেল আহমদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সারা খালেই বাঁধ দিয়েছে। মৎস্যজীবী নয়, এমন কিছু লোক এখন পেশাদার হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি উপজেলায় মিটিংয়েও আলোচনা করেছি।’
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিক-উজ-জামান বলেন, ‘নদী বা খালে বাঁধ দিয়ে মাছ ধরা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এতে জেল-জরিমানা দুটোই হতে পারে। এ রকম বাঁধের বিষয়টি জানা ছিল না। আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’