ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোন কর্তৃত্ববলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
একই সঙ্গে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) কার্যবিবরণী ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ নথিপত্র দাখিল করতে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধককে (আরজেএসসি) বলা হয়েছে। একটি কোম্পানির লাভজনক পদে থেকে মোশাররফ হোসেনের মন্ত্রী থাকার বৈধতা নিয়ে রিটটি করা হয়।
গত ৩১ অক্টোবর প্রথম আলোতে ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, গত জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড। গত ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। সে সময় যে প্রসপেকটাস বা আইপিও বিবরণীপত্র প্রকাশ করা হয়, তাতে চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম রয়েছে। মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন চলতি বছরের ১২ জানুয়ারি। প্রকাশিত ওই প্রতিবেদন তুলে ধরে কোন কর্তৃত্ববলে মোশাররফ হোসেন মন্ত্রী পদে আছেন, এ নিয়ে ৯ নভেম্বর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। নোটিশের জবাব না পাওয়ায় ২৩ নভেম্বর মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে রিট করেন এই আইনজীবী।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শুনানি নিয়ে আদালত রুল দেন।
শাহদীন মালিক পরে প্রথম আলোকে জানান, রুলে মন্ত্রীর পদ তাঁকে কেন ছাড়তে বলা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধককে (আরজেএসসি) তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকা অবস্থায় লাভজনক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার বিধান নেই। কিন্তু মোশাররফ হোসেন লাভজনক কোম্পানির পরিচালক পদে রয়েছেন, যা সংবিধানের ১৪৭(৩) অনুচ্ছেদের লঙ্ঘন।
আবেদনকারীর আইনজীবী জানান, ওই অনুচ্ছেদ অনুসারে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হবেন না কিংবা মুনাফার উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় অংশ নেবেন না।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, ৬ জানুয়ারি মোশাররফ হোসেন ওই কোম্পানির পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে বোর্ড তা গ্রহণ করেনি। দ্বিতীয়বার ২০ অক্টোবর পদত্যাগপত্র দেন। ৩০ অক্টোবর তা গ্রহণ করা হয়। ৬ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি আর্থিকভাবে কোনো লাভবান হননি। চেয়ারম্যান বা পরিচালক হিসেবে কোনো সভায়ও যোগ দেননি। সুতরাং আবেদনটি অকার্যকর।