কোনাবাড়ীর পুড়ে যাওয়া কারখানাটি বন্ধ ঘোষণা
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট স্পিনিং লিমিটেড কারখানাটি গতকাল রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবার সুতা তৈরির এ প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যায়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মমিনুল ইসলাম মনির জানান, আগুনে কারখানার মেশিন, সুতা, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। কারখানা কবে চালু হবে তা বলা সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল কারখানা এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে শ্রমিকেরা কারখানার সামনে ভিড় করছেন। ক্ষতিগ্রস্ত কর্মস্থল দেখে কেউ কেউ কাঁদছেন। সালমা বেগম নামের এক শ্রমিক বলেন, ‘কারখানাটি নিজের মনে করেই কাজ করতাম। এখন কোথায় যাব? কোথায় কাজ করব? কিছুই বুঝতে পারছি না।’
আরেক শ্রমিক দিদারুল ইসলাম বলেন, ‘সাধ্যমতো চেষ্টা করেছি আগুন নিভাতে। কিন্তু কোনো অবস্থাতেই আগুন নিভাতে পারি নাই।’