কোনো অনিয়ম হলেই ব্যবস্থা: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার জন্য রাজনৈতিক দল ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, কোথাও কোনো ধরনের অনিয়ম হলে কমিশনকে জানাতে হবে, কমিশন ব্যবস্থা নেবে।
পৌরসভা নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বলেছে, কিছু কিছু জায়গায় বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ এসেছে। এ প্রসঙ্গে মো. শাহনেওয়াজ বলেন, চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের রাউজানসহ কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে, প্রার্থীদের মনোনয়নপত্র দিতে বাধা দেওয়া হয়েছে। কমিশন খোঁজ নিয়ে দেখেছে, অভিযোগ কিছুটা সত্য হলেও পুরোপুরি নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে সমস্যা হবে বলে মনে হয় না। অস্বাভাবিক কিছু ঘটলে কমিশন ব্যবস্থা নেবে।