কোনো কর্মী আসেননি, মলিন মুখে চলে গেলেন নেতারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠানও ছিল কর্মিশূন্য৷
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের কর্মসূিচতেও ছিল সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে সাতজন নেতা উপস্থিত হলেও কোনো কর্মী না থাকায় বক্তৃতা না করেই তাঁরা চলে যান৷
আগের িদন একই স্থানে একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তাতে অল্প কজন কর্মী উপস্থিত ছিলেন৷ গতকাল তাও ছিল না৷
গতকালের আলোচনা সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর। তিনিও আসেননি।
বিকেল সাড়ে পাঁচটার দিকে মঞ্চে আসেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুল মান্নান ও আবদুস সোবহান, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী ও ঢাকা মহানগরের প্রচার সম্পাদক আবদুল হক৷ কিন্তু কোনো কর্মী না আসায় নেতারা মলিন মুখে অনেকক্ষণ মঞ্চে বসে ছিলেন৷ একপর্যায়ে তাঁরা মঞ্চ থেকে নেমে কিছুক্ষণ এদিক-ওদিক ঘোরাফেরা করে চলে যান। পরে দর্শক ছাড়াই বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার থেকে আসা শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
৬৫তম বার্ষিকী উদ্যাপনের জন্য প্রায় দুই মাস ধরে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ বেশ কয়েকটি প্রস্তুতি সভা ও বর্ধিত সভা করেছে৷ তার পরও এ দশা কেন—জানতে চাইলে দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, আবহাওয়া খারাপ, এ জন্য কেউ আসেনি। শুক্রবার এখানেই প্রধানমন্ত্রীর সমাবেশ। সবাই সে জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আবদুস সোবহান এ দাবি করলেও বাস্তবে গতকাল বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আবহাওয়া স্বাভাবিক ছিল৷
তিন দিনব্যাপী কর্মসূচির আজ সমাপনী দিনে বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এতে দলের সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন৷