কোনো ঘটনারই সুষ্ঠু বিচারের নজির নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আট বছরে (২০০৭-২০১৫) ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৩৪ জন নারী ও কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত বছর ১৪টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ১৬টি ধর্ষণের চেষ্টাসহ ৬৯টি ঘটনা ঘটেছে। একটি ঘটনারও সুষ্ঠু বিচার হওয়ার নজির নেই।

বাংলাদেশের ‘ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীদের সামগ্রিক পরিস্থিতি ২০১৫’ বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ের সেমিনার হলে অতিথিরা আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন এবং প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কাপেং ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনটি বলছে, ভূমি বিরোধ ও সাম্প্রদায়িক আগ্রাসনের কারণে বেশির ভাগ নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে বাঙালি পুরুষেরাই এ জন্য দায়ী। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষেরাও এসব অপরাধ করেছে।

অনুষ্ঠানে প্রতিবেদনটির সারাংশ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্বতী রায়। তিনি বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় ‘ধর্ষণ’ শব্দটি ছিল না। অথচ বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষও এ ধরনের নির্যাতনের সঙ্গে যুক্ত হচ্ছে। শুধু ক্ষুদ্র জাতিসত্তার সমাজে নয়, পুরো সমাজেই বিচারহীনতার সংস্কৃতি চলছে।

সুলতানা কামাল বলেন, ভূমি দখলের সঙ্গে নারী নির্যাতনের সরাসরি সম্পর্ক আছে। ভূমি দখলদাররা এ সুযোগ হাতছাড়া করতে চায় না। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করে, যাতে পরিবারের সদস্যরা নারীদের বাঁচানোর জন্য ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এতগুলো ঘটনায় একজনও বিচার পায়নি, তা কীভাবে সম্ভব? এ ছাড়া ভূমি দখল বা বিভিন্ন উদ্দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নির্যাতন করা হচ্ছে। এটি ভয়াবহ ব্যাপার। সরকারকে এ ধরনের নির্যাতনের কারণগুলো খতিয়ে দেখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম ও ওবায়দুল হক, কাপেং ফাউন্ডেশনের সহসভাপতি চৈতালি ত্রিপুরা, আচিকমিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং প্রমুখ।