কোনো বাসই ফাঁকা নেই
আসন্ন ঈদুল ফিতরের আগে সরকারি কর্মজীবীদের শেষ কর্মদিবস ছিল আজ বৃহস্পতিবার। তাই রাজধানী ছাড়তে বাস টার্মিনালে যাওয়া মানুষজনের চাপ অনেক বেশি। দূরপাল্লার প্রতিটি বাসেই যাত্রীদের ভিড় চোখে পড়েছে।
ঢাকার আশপাশের জেলাতে যাওয়ার বাসগুলোতেও ছিল যাত্রীর প্রচণ্ড চাপ। সব মিলে বাসে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো বাসই ফাঁকা নেই।
রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকালের পর থেকেই মানুষ ঘরে ফিরতে শুরু করে। বিকেলের পর থেকে কল্যাণপুর-গাবতলী থেকে বের হওয়ার রাস্তায় গাড়ির চাপ বেড়ে যায়। এ সময় সেখানে থেমে থেমে যানজট তৈরি হয়।
পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই চাপ বেড়ে যাবে। আগামীকাল শুক্রবারও দিন-রাত দূরপাল্লার বাসগুলোতে ঘরে ফেরা মানুষের চাপ বেশি থাকবে বলে জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে হানিফ পরিবহনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল বলেন, আজ সকাল থেকেই চাপ ছিল। তবে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের প্রচণ্ড চাপ বাড়ছে। মূলত আজই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে। মহাসড়কেও তাই এই দিন চাপ বেশি।
কল্যাণপুর বাসস্ট্যান্ডে বিকেলে কথা হয় পুলিশ কর্মকর্তা আবু আশরাফ সিদ্দিকীর সঙ্গে। তিনি ঢাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তিনি। আশরাফ সিদ্দিকী বললেন, ‘ঈদের আগে ও পরে দুই সময়ে আমাদের ছুটি ভাগ করা। আমি যাচ্ছি ঈদের আগে। ফিরব ঈদের পরপরই। পরিবারের সঙ্গে ঈদ করতে পারব ভাবতেই ভালো লাগছে।’
সরকারি চাকরিজীবী আবদুল মান্নানের সঙ্গে কথা হয় গাবতলী বাস টার্মিনালে। পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাঠিয়ে দিয়েছেন তিনি। আজ সকালে ঈদের আগে শেষ অফিস করে তিনি বাড়িতে যাচ্ছেন। তিনি বলেন, ‘বেশ লম্বা একটা ছুটি পেয়েছি। নয় দিনের এই ছুটিতে এবার আত্মীয়স্বজনদের বাড়িতে বেড়াতে পারব। তাই এবারে বাড়ি ফেরার আনন্দ অন্য রকম।’
বাস কর্তৃপক্ষের কর্মীরা জানান, যাঁরা আজকের টিকিট পাচ্ছেন না, তাঁরা আগামীকাল শুক্রবার সকাল থেকে যাওয়ার টিকিট সংগ্রহ করেছেন। তবে আগামী ২ ও ৩ জুলাই যাত্রীদের চাপ কিছুটা কম হলেও ৪ জুলাই এই চাপ অনেক বেশি বলে জানালেন পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই দিন বেসরকারি চাকরিজীবীদের ঈদের আগে শেষ কর্মদিবস। তবে ৫ জুলাই, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট ফাঁকা আছে বলে জানালেন তাঁরা।
এসআর ট্রাভেলসের উপমহাব্যবস্থাপক প্লাবন রহমান জানান, ৫ জুলাইয়ের টিকিটের চাহিদা সব চেয়ে কম। ওই দিনে তাঁদের অনেক টিকিট অবিক্রীত আছে।