কোনো ব্যারোমিটার বলছে না, বাংলাদেশ এগোচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির কোনো ব্যারোমিটার বলছে না, বাংলাদেশ এগোচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের ছাত্রসংগঠন নাগরিক ছাত্র ঐক্যের ‘শিক্ষাঙ্গনের পরিস্থিতি ও ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার বলছে, আমাদের গণতন্ত্র দরকার নেই, উন্নয়ন দরকার। কিন্তু বাংলাদেশের অর্থনীতির কোনো ব্যারোমিটার বলছে না বাংলাদেশ এগোচ্ছে। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন কখনো পজিটিভ (ইতিবাচক) নয়।’

মান্না বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। কিন্তু তারা কিসের বিরোধিতা করে বুঝতে পারি না।’

নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম এক হাজার ৫০০ কোটি টাকায় সাবমেরিন কেনার সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আগে দেখতাম সরকার কোনো অন্যায় করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করত। এখন সরকার কোনো অন্যায় করলে তারা সরকারকে প্রটেক্ট (রক্ষা) করে। আমার খুব লজ্জা হয়, যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশও সরকারকে অন্ধ সমর্থন দিয়ে যায়।’

সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা বলেন, ‘ছাত্রদলকে বিএনপির মূল নেতৃত্ব দাম্ভিকতা দেখিয়ে নষ্ট করে দিয়েছে। তাদের হরতালে প্রমাণ হয়ে গেছে, তারা আর আন্দোলন করতে পারবে না।’

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক খায়রুল আলম বকুল।