কোনো মন্ত্রী যদি শিশুদের আকুতি শুনতেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জানি না, এখানে কোনো মন্ত্রীর পদার্পণ ঘটেছে কি না। যদি কোনো মন্ত্রী আসতেন, এই শিশুদের কান্না দেখতেন, তাঁদের আকুতি শুনতেন! কারণ, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে পরিমাণ অর্থের অপচয় করা হয়, সেই পরিমাণ টাকা যদি এই প্রতিষ্ঠানের পেছনে ঢালা যেত তাহলে এই শিশুদের ভাগ্যের পরিবর্তন হতো।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল রোববার রাজশাহীর বায়া নারী শিশু-কিশোরী হেফজাতিদের নিরাপদ আবাসনকেন্দ্র পরিদর্শনের পর এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ৫০টি শিশু ধারণক্ষমতার এই আবাসনকেন্দ্রে থাকছে ৯৩টি শিশু। কর্মচারীর ১৩টি পদের বিপরীতে আছেন মাত্র সাতজন। টিনশেড ঘরে রাখা হয় শিশুদের। অনেক সময় বৃষ্টির পানি ভিজিয়ে দেয় তাদের। খাবার তালিকায় কাগজে-কলমে মাছ, মাংস, দুধ, ডিম থাকলেও খাবার টেবিলে তা মিলে না। শিশুদের খাওয়ার জন্য নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে।
অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়ে বাবা-মায়ের অনিচ্ছায় বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। দীর্ঘদিন থেকে মেয়েটি এই আবাসন কেন্দ্রে। সে বাবা-মায়ের কাছে ফিরতে চাইলেও আইনগত জটিলতার কারণে ফিরতে পারছে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কাছে পেয়ে সে কান্নাকাটি করে। ভুল স্বীকার করে বাবা-মায়ের কাছে ফিরতে চায়।
মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান বলেন, অনেক প্রতিবন্ধী শিশু এখানে আছে৷ তারা নিজের ঠিকানা বলতে পারে না। অনেকে কথা বলতে পারে না। তাদের মনের ভাব বুঝতে হবে। তাদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা দিতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানের সেই সামর্থ্য নেই। এখানে একটি শিশুর যত্ন নিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে রাষ্ট্র একটা বড় দায়িত্বহীনতার পরিচয় দেয়। রাষ্ট্র যদি মানবিক না হয়, কর্মকর্তারা যদি মানবিক না হন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি মানবিক না হয়, তাহলে এখানকার পরিবেশ পরিবর্তন সম্ভব হবে না।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের উদ্যোগে ‘আইন শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন মিজানুর রহমান৷ তিনি বলেন, ‘সাজানো-গোছানো এই ক্যাম্পাসে যখন একজন আরেকজনের রগ কেটে দিচ্ছে, তখন প্রশ্ন করতেই হয়, আমরা কোন পথে যাচ্ছি।’
মিজানুর রহমান আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই ইসলাম বলতে জঙ্গিবাদকে বোঝে। তারা ভুলে যায় যে ইসলাম এবং জামায়াতে ইসলাম কখনো এক হতে পারে না।’