কোনো যানবাহনই নিরাপদ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুপুরে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভা l ছবি: প্রথম আলো
মধুপুরে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভা l ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকাসহ সারা দেশে বাস, ট্রাক, মাইক্রোবাস এমনকি নৌযানেও নারীরা ধর্ষণ, গণধর্ষণ এবং যৌন সহিংসতার শিকার হয়েছেন। সর্বশেষ চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানের এক কর্মী ধর্ষণ ও হত্যার ঘটনায় গণপরিবহনে নারীর নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকেরা যানবাহনকে নিরাপদ করে তোলা বা কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের আচরণগত প্রবণতার দিকটি বিবেচনায় রাখার ব্যাপারে কোনো আলাদা পদক্ষেপ নেননি।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বিভিন্ন যানবাহনে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে পরিবহন মালিকদেরও গাফিলতি আছে। কর্মী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তা নিয়ে সতর্ক থাকতে হবে মালিকদের।’

 মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণ

২০১৫ সালের মে মাসে কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পথে রাজধানীতে গণধর্ষণের শিকার হন এক গারো তরুণী (২২)। কুড়িল বাসস্ট্যান্ড থেকে তাঁকে জোর করে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এই তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করতেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণের অভিযোগে তিনি ভাটারা থানায় মামলা করেন। ঘটনার পর পার হয়েছে আড়াই বছর। দুই আসামি কারাগারে। বিচার চলছে। কিন্তু এখন পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।

থানার দেওয়া তথ্য এবং মামলার নথি অনুযায়ী, এই তরুণী কাজ শেষে একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাঁকে গাড়িতে তুলে নেন। গাড়িতে তুলেই তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন তাঁকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাঁকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

এ ঘটনায় বাদীপক্ষের আইনজীবী নিপারসন আজিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার চার্জশিট দেওয়া হয়েছে ২০১৫ সালে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষী নেওয়া যাচ্ছে না বিভিন্ন জটিলতায়।

রাজধানীতে ঘটা এ ঘটনা তুমুল আলোচনায় আসে। মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। ধর্ষণের পর ওই তরুণী উত্তরা, খিলক্ষেত ও গুলশান থানা ঘুরে ১৬ ঘণ্টা পরে ভাটারা থানায় মামলা দায়ের করতে পারেন।

ওই তরুণীর বাবা টেলিফোনে প্রথম আলোকে বলেন, মেয়ের ধর্ষণের বিচার পাবেন কি না তা নিয়ে তিনি সন্দিহান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, বিভিন্ন পরিবহনে ধর্ষণের ঘটনা বারবার ঘটছে। কোনো কোনো ঘটনায় ধর্ষণের শিকার নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। আসামিরা ধরাও পড়ছে। কিন্তু তারপর কী হচ্ছে? এ পর্যন্ত কয়টা ধর্ষণ মামলায় দৃষ্টান্তমূলক সাজা হয়েছে বা রায় হয়েছে?

 বাসে ধর্ষণ

গত বছর ৫ জানুয়ারি গভীর রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসের ভেতর ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার থানায় গিয়ে জানা গেছে, তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন ওই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত বছর বরিশালের নথুল্লাবাদে সেবা পরিবহনের একটি বাসে কুয়াকাটা থেকে আসা দুই বোনকে ধর্ষণ করেন গাড়িচালক ও তাঁর সহকারীরা। এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

বরিশালের নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ফয়জুল হক ফয়েজ প্রথম আলোকে বলেন, ধর্ষণ মামলাটি বর্তমানে সাক্ষ্যের জন্য আছে। ওই মামলার সব আসামি কারাগারে আছেন।

২০১৩ সালে মানিকগঞ্জেচলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক পোশাকশ্রমিক। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি এ মামলায় চালক দিপু মিয়া ও তাঁর সহকারী কাশেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, এ মামলায় এক আসামি কারাগারে থাকলেও আসামি দিপু মিয়া এক বছর ধরে জামিনে আছেন।

গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জামিনে মুক্ত দিপু মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বাস চালাচ্ছি। প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। এই ঘটনায় হেলপার কাসেম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ওই তরুণী ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০১৩ সালের ২৪ জানুয়ারি গ্রামের বাড়ি যাওয়ার জন্য নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছার পর বাসের অন্য যাত্রীরা নেমে যান। এ সময় কৌশলে ওই তরুণীকে নিয়ে বাসচালক ও তাঁর সহকারী পাটুরিয়ার উদ্দেশে রওনা দেন এবং পথে ধর্ষণ করেন।

পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনার ফরিদা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় অবশ্যই দৃষ্টান্তমূলক সাজা হতে হবে, যাতে অন্যরা এ ধরনের ঘটনা আর ঘটাতে সাহস না পায়। আর কিছু ক্ষেত্রে এ ধরনের ঘটনা প্রতিরোধে নারীদের নিজেদেরও সচেতন হতে হবে। বাসে সব যাত্রী নেমে গেলে বিপদ আঁচ করতে হবে। তখন ওই বাস থেকে নেমে যেতে হবে অথবা উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে।

 ট্রাক, নৌকাও বাদ নেই

গত ২ আগস্টনারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেন ট্রাকের চালক ও হেলপার। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলোকে জানিয়েছেন, এ মামলার দুই আসামি কারাগারে আছেন। ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

২০১৫ সালের মে মাসে গাজীপুরের কালীগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী শ্রমিক নৌকায় ধর্ষণের শিকার হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাজ শেষে রাত আটটার দিকে গাজীপুরের কালীগঞ্জে নিজ বাড়ি ফিরছিলেন। পথে তিনি সহকর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের একটি নৌকায় ওঠেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীর ফকিরবাড়ি ঘাটে পৌঁছালে সব শ্রমিক নেমে যান। এরপর নৌকার দুই মাঝি কৌশলে তাঁর মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে তাঁরা মুঠোফোনে প্রতিষ্ঠানের অপর নৌকার দুই মাঝিকে ডেকে আনেন। এই দুই মাঝিও তাঁকে ধর্ষণ করেন।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা ক্ষোভ এবং হতাশা মিলিয়ে বলেন, ‘মামলার প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় বিচার তো কোনোটারই সম্পন্ন হচ্ছে না। ক্ষমতায় থাকা মন্ত্রী, সাংসদেরা বিষয়টি নিয়ে তেমন একটা কথাও বলছেন না। প্রধানমন্ত্রী যদি ধর্ষণের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেন এবং নিজে নজরদারি করেন তাহলে হয়তো কিছুটা ফলাফল পাওয়া যাবে।’

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর বরিশাল, মানিকগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও নান্দাইল প্রতিনিধি৷]