
আবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কোনো সংস্কারেই র্যাবের চরিত্র পরিবর্তন হবে না। অনেকে র্যাবের সংস্কারের কথা বলছেন। সংস্কার-টংস্কার দিয়ে কাজ হবে না। অল্প অসুখ হলে ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক দিলে সেরে যায়, কিন্তু র্যাব পচে গেছে, ক্যানসার হয়ে গেছে।
মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষ্মীগঞ্জে গতকাল বুধবার আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে’ মুন্সিগঞ্জ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সিগঞ্জের এ জনসভায় খালেদা জিয়া হত্যা-গুম বন্ধ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান৷ প্রায় ১০ বছর পর তিনি মুন্সিগঞ্জ সদরে জনসভা করলেন৷ জনসভায় ১৯ দলের শরিক কোনো দলের নেতাকে দেখা যায়নি৷
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, নারায়ণগঞ্জে সাত খুনে জড়িত র্যাব সদস্যদের তড়িঘড়ি করে নিজ নিজ বাহিনী থেকে অবসর দিয়ে কোর্ট মার্শাল করতে দেওয়া হয়নি। তিনি ওই র্যাব সদস্যদের অবসরকালীন সুবিধা বাতিল এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি অভিযোগ করেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াও বহু লোককে গুম করেছেন৷
র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, বিএনপির সময়ে র্যাব জঙ্গিদের গ্রেপ্তার করেছে। গুলি করে হত্যা করেনি। এখন এরা সব তথ্য মুছে দিতে চায়। এ জন্য গুলি করে মারে। নারায়ণগঞ্জে সাতজন নয়, নৌকার মাঝিসহ মোট ১১ জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনাকে এর জন্য জবাবদিহি করতে হবে৷ কারণ, র্যাব স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। র্যাবকে দিয়ে খুন, গুম করানো হচ্ছে।
খালেদা জিয়া বলেন, সুধী সমাজ মনে করে, র্যাব বিলুপ্ত করা ঠিক হবে না। এ ধারণা ঠিক নয়। র্যাব বিলুপ্ত করে জবাবদিহি থাকবে—এমন একটি বিকল্প প্রশিক্ষিত বাহিনী তৈরির পরামর্শ দেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘সময়মতো খুন-গুমের বিচার হবে। এ জন্য অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আগে তারা ২১ বছর ক্ষমতার বাইরে ছিল, এবার তা ৪২ বছর করে েদন৷’ প্রায় এক ঘণ্টার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল র্যাব ও অাইনশৃঙ্খলা-সম্পর্কিত৷
দুপুর থেকেই জনসভাস্থলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। খালেদা জিয়া জনসভাস্থলে পেঁৗছান বিকেল সাড়ে চারটায়। বিপুলসংখ্যক নেতা-কর্মী স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।
বক্তৃতার একপর্যায়ে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া প্রশ্ন করেন, ‘আপনারা কেউ কি নিরাপদ?’ সবাই ‘না’ বলে জবাব দিলে তিনি বলেন, ‘আমি নিজেও বলতে পারি না আমি নিরাপদ। আওয়ামী লীগ যত দিন জবরদখল করে ক্ষমতায় থাকবে, তত দিন কেউ নিরাপদ নয়।’
সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, আন্দোলন করতে হবে। আওয়ামী লীগকে বিদায় করতে হবে। এবার ঢাকাসহ সারা দেশে আন্দোলন হবে। তিনি বলেন, ‘এবার আওয়ামী লীগকে কাঁদতে হবে। আপনাদের কাছে হাতজোড় করতে হবে, পায়ে পড়তে হবে। কারণ, তারা অনেক অপরাধ করেছে।’ সরকার জনগণকে ভয় পায় দাবি করে তিনি বলেন, ‘আমাদের নাকি ঢাকা শহরে মিটিং করতে দেবে না। দেখা যাবে কী হয়। আমরাও দেখব। আমাদের শক্তি জনগণ। চোর-েচাট্টা-খুনি তাদের সঙ্গী।’
ফেনীর ফুলগাজীতে উপজেলা চেয়ারম্যান হত্যার জন্য আওয়ামী লীগের নেতা নিজামউদ্দিন হাজারী ও জয়নাল হাজারীকে দায়ী করে খালেদা জিয়া বলেন, দুই হাজারীর ঘটনা, মাঝখান থেকে বিএনপির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। সরকার নিজের দলের হত্যাকারীদের আড়াল করতে বিএনপির নেতার নামে মামলা দিয়েছে৷
সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তারা সম্মানিত ব্যক্তিদের সম্মান দিতে জানে না। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে নেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ড. ইউনূসকে যোগ্য সম্মান দেওয়া হবে। গ্রামীণ ব্যাংক ফিরিয়ে দেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।