কোন্দল ভুলে আ.লীগ নেতারা এক মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন্দল ভুলে দলের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের পাঁচজন নেতা। গত শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়েরের আদালত সড়কের নির্বাচনী কার্যালয়ে এসে তাঁরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, কোন্দল ভুলে সব নেতা-কর্মী এক মঞ্চে এসে জোবায়েরের পক্ষে সমর্থন দিয়েছেন। নির্বাচনে এর ইতিবাচক প্রভাব অবশ্যই দেখা যাবে।
উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, মেয়র পদে দলের মনোনয়ন নিয়ে বিভেদ শুরু হয়। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মোহাম্মদ জোবায়েরকে মনোনয়ন দেওয়ার পর দলে দুটি ধারা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মিনহাজুর রহমান, বশির আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, মো. জসিম উদ্দিন ও ওসমান গণি চৌধুরী শুক্রবার রাতে জোবায়েরের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন।
মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দল ও দলের নেতা-কর্মীদের স্বার্থ চিন্তা করে সবাই জোবায়েরকে সমর্থন দিয়েছি। আওয়ামী লীগের মধ্যে ঐক্য না থাকলে এলাকায় জামায়াত-শিবির আবারও মাথাছাড়া দিয়ে উঠতে পারে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের প্রথম আলোকে বলেন, ‘দলের নেতা-কর্মীরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্র হয়ে কাজ করলে সাফল্য আসবেই। দলের মনোনয়নপ্রত্যাশী ও অন্য নেতারা একত্র হয়ে আমাকে সমর্থন দিয়েছেন। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’