কোন্দল মিটিয়ে আন্দোলনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে দলকে সরকারবিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত করছেন নেতারা। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠন করে দলের সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির নেতারা এসব কথা বলেছেন।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘গত উপজেলা পরিষদ নির্বাচনে জেলার আটটি উপজেলার মধ্যে চারটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে প্রার্থী দাঁড় করালে একটি উপজেলাও আওয়ামী লীগ পেত না। এখন আমরা দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা পাঁচটি উপজেলা ও ১২টি ইউনিয়ন বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি করে দিয়েছি। ঈদের পরে আমরা সরকারবিরোধী আন্দোলন শুরু করব।’
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে শামীম আরা স্বপ্নার নাম ঘোষণা করা হলে সংঘর্ষ ও ভাঙচুর শুরু হয়। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর বিএনপির একাংশ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করে। এর বিরোধিতা করে বিএনপির অপর পক্ষ লুৎফর রহমান কাজলকে সভাপতি ও আলমগীর ফরিদকে সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করে। এর পর থেকে দ্বিধাবিভক্ত বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আসছে।
কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত ২১ মে জেলা বিএনপির কার্যালয়ে বসে দুই পক্ষের নেতারা কোন্দল নিরসনের উদ্যোগ নেন। সর্বশেষ ৩১ মে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ ও লুৎফর রহমান বৈঠক করে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান ঘটান। এখন তৃণমূলে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা বলেন, জেলার আটটি উপজেলার ৭৪টি ইউনিয়নে বিএনপির সম্মেলন শেষ করে সেপ্টেম্বর নাগাদ জেলা সম্মেলন করা হবে। জেলা কমিটির সভাপতি হবেন শাহজাহান চৌধুরী আর সাধারণ সম্পাদক হবেন লুৎফর রহমান। অনেকটা এ রকম শর্তে দলীয় কোন্দলের অবসান ঘটে।
জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জেলা বিএনপির দুই পক্ষ এক হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা খুশি। এই অবস্থা ধরে রাখা গেলে জেলার চারটি সংসদীয় আসন বিএনপির দখলে চলে আসবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান বলেন, কক্সবাজারে বিএনপি অনেক শক্তিশালী। মাঝে নেতাদের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল বলে কয়েকটি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। এখন দলের স্বার্থে সবাই এক হয়েছেন।