কোন্দলে ডুবেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে দলীয় এবং হাকিমপুরে জোটের কোন্দলই এই দুই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীদের পরাজয়ের কারণ বলে মনে করছেন দলীয় লোকজন। এ দুই পৌরসভায় বিএনপির আজাদুল ইসলাম ও সাখোয়াত হোসেন মেয়র ছিলেন। তাঁরা এবারও মেয়র পদে দলীয় প্রার্থী ছিলেন।
বিরামপুর পৌরসভার বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী আজাদুল ইসলাম ৫ হাজার ৩৯১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী সরকারের কাছে এবং হাকিমপুরে বর্তমান মেয়র সাখোয়াত হোসেন প্রায় সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের জামিল হোসেনের কাছে পরাজিত হন।
আজাদুল ইসলাম অভিযোগ করেন, দলের উপজেলা কমিটির শীর্ষ পর্যায়ের নেতা এবং স্থানীয় জ্যেষ্ঠ নেতারা টাকার কাছে বিক্রি হয়ে তাঁর বিরোধী পক্ষে কাজ করছেন।
আজাদুল ইসলামের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম বলেন, মেয়র থাকাকালে আজাদুল ইসলাম গত পাঁচ বছরে দলীয় কোনো নেতা-কর্মীর মূল্যায়ন করেননি। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি নিজের ও অনুগত গুটিকয়েক লোকের উন্নয়ন করেছেন। জনগণের জন্য তেমন কোনো কাজও করেননি। এতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। দল থেকে তাঁকে মনোনয়ন দিয়ে ভুল করা হয়েছিল। তবুও দলের স্বার্থে সব নেতা-কর্মীই নির্বাচনী মাঠে তাঁর পাশে ছিলেন।
অপরদিকে পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিঞা মো. শিরন আলম বলেন, আজাদুল ইসলামের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির মামলা বা অভিযোগ নেই। মেয়র থাকাকালে প্রতিটি নেতা-কর্মীকেই মূল্যায়নের চেষ্টা করেছেন তিনি। যাঁরা অন্য নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজেরা বেশি সুযোগ-সুবিধা আশা করে বিফল হয়েছেন, তাঁরাই আজাদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
হাকিমপুরে বিএনপির প্রার্থী এবং বর্তমান মেয়র সাখোয়াত হোসেন আওয়ামী লীগের জামিল হোসেনের কাছে পরাজিত হন। এর কারণ হিসেবে জোটের অন্যতম শরিক জামায়াতের প্রতারণা ও দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করাকেই দায়ী করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তবে মেয়র সাখোয়াত হোসেনের অভিযোগ, নির্বাচনে কারসাজি করে ক্ষমতাসীন দলের প্রার্থী তাঁকে হারিয়েছেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক এরফান আলী বলেন, জোটের অন্যতম শরিক জামায়াত তাঁদের সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও বিএনপিকে ভোট দেয়নি। তবে নির্বাচনে কোনো কারচুপি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নিজ যোগ্যতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমান মেয়রের মেয়াদকালে তাঁর কাছে দলীয় নেতা-কর্মীরা মূল্যায়িত হননি। এ ছাড়া হিলির জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা চরম ভুগিয়েছে পৌরবাসীকে। ফলে সাধারণ ভোটারদের ভোট পেতে ব্যর্থ হয়েছেন তাঁদের প্রার্থী।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীরাই মাঠে ছিলেন না। জামায়াত ঠিকই বিএনপিকে ভোট দিয়েছে।