কোন্দলে দুই নির্বাচনে ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন নেতার নেতৃত্বে কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগ এখন তিন ভাগে বিভক্ত। এই কোন্দলের কারণে এখানে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হেরেছেন। সামনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রার্থী বাছাই নিয়ে কোন্দল হতে পারে বলে আশঙ্কা করছেন দলীয় কর্মীরা।
বিবদমান তিন পক্ষের নেতৃত্বে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি এনামুল হক ও প্রয়াত সাবেক সাংসদ আবদুল হাকিমের ছেলে এ এস এম কামরুল ইসলাম।
নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘বরুড়া পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনে আমি যাঁদের প্রার্থী করেছিলাম, তাঁরাই আমার বিরোধিতা করছে। মেয়র প্রার্থীর বিরুদ্ধে দলের একটি অংশ কাজ করেছে। এবার প্রতিটি ইউনিয়নে আমাদের কমিটি রয়েছে। একক প্রার্থী বাছাই করতে সমস্যা হবে না।’
দলটির স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালের ১৫ জানুয়ারি প্রবীণ নেতা ও চারবারের নির্বাচিত সাংসদ আবদুল হাকিমকে সভাপতি ও খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। দীর্ঘদিন কমিটি না হওয়ায় ২০১০ সালের ১৭ অক্টোবর তৎকালীন সাংসদ নাছিমুল আলম চৌধুরী নিজে আহ্বায়ক হয়ে ২৩ সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটি দক্ষিণ জেলা আওয়ামী লীগ অনুমোদন করেনি। ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নাছিমুল আলম চেয়ারম্যান পদে এনামুল হককে সমর্থন দেন। আবদুল হাকিম নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুরকে সমর্থন দেন। নির্বাচনে মোস্তাফিজুর পরাজিত হন। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগ দৃশ্যমানভাবে তিনটি ধারায় বিভক্ত হয়ে পড়ে।
এনামুল হক বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। নীতি ও নৈতিকতার সঙ্গে আপস করিনি বলে নাছিমুল আলম চৌধুরীর সঙ্গে থাকিনি। ভালো প্রার্থী না থাকায় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয়ী হতে পারেননি। ইউপি নির্বাচনে প্রতিযোগিতা থাকবে। তারপরও একক প্রার্থী দিতে পারব।’
দলটির স্থানীয় সূত্র আরও জানায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি পরিকল্পনামন্ত্রী ও দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আ হ ম মুস্তফা কামালের গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুতিয়ারপুর গ্রামে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা হয়। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। শিগগিরই আহ্বায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি হয়নি। তবে তিন পক্ষই আলাদা কার্যালয় নিয়ে দলের সাইনবোর্ড ব্যবহার করে কার্যক্রম চালাচ্ছে। এতে দলীয় সদস্য সংগ্রহ ও দলীয় কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর বরুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. বাহাদুরুজ্জামান পরাজিত হন। বাহাদুরুজ্জামান সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরীর অনুসারী ছিলেন। দলের অন্য দুটি পক্ষ তাঁর কাজ করেনি।
এ বিষয়ে সাবেক সাংসদ আবদুল হাকিমের ছেলে এ এস এম কামরুল ইসলাম বলেন, ‘পৌরসভায় আমার নেতা-কর্মীরা কাজ করেছে। কিন্তু ফল আসেনি। ইউপি নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থীদের তালিকা জেলায় পাঠানো হবে। সেখানেই সিদ্ধান্ত হবে।’