কোমর তাঁতে বাড়তি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবা​ন সদর উপজেলার হেব্রনপাড়ার এই বম নারীরা কোমর তঁাতে কাপড় বুনে করছেন বাড়তি আয়। তাঁদের তৈরি কাপড় বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার আড়ংয়ের বিভিন্ন আউটলেটে। ছবিটি প্রু মং উ হেডম্যানপাড়ার বাজারে আড়ংয়ের সরবরাহ​ কেন্দ্র থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
বান্দরবা​ন সদর উপজেলার হেব্রনপাড়ার এই বম নারীরা কোমর তঁাতে কাপড় বুনে করছেন বাড়তি আয়। তাঁদের তৈরি কাপড় বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার আড়ংয়ের বিভিন্ন আউটলেটে। ছবিটি প্রু মং উ হেডম্যানপাড়ার বাজারে আড়ংয়ের সরবরাহ​ কেন্দ্র থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

জুমখেত ও গৃহস্থালির সব কাজ শেষে ঘণ্টা খানেকের জন্য কোমর তাঁতে চাদর বোনেন জুনকিম বম। লাল, নীল, ম্যাজেন্টাসহ নানা রঙের চাদর বুনে মাস শেষে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করেন। এতে পরিবারের অনেক টুকটাক খরচ মেটানো যাচ্ছে। সংসারও চলছে ভালোই।
সম্প্রতি বান্দরবান সদর উপজেলার প্রু মং উ হেডম্যানপাড়ার বাজার এলাকায় পণ্য বিপণনকেন্দ্র আড়ংয়ের প্রতিনিধির কাছে চাদর সরবরাহ করতে এসেছিলেন বেশ কয়েকজন নারী। জুনিকম তাঁদেরই একজন। তাঁরা সবাই বান্দরবান সদর ইউনিয়নের হেব্রনপাড়ার বাসিন্দা। তিনি জানান, এই পাড়ার ৩০ জন নারী তাঁর মতো কাজের ফাঁকে কোমর তাঁতে কাপড় বুনে বাড়তি কাজ করে আয় বাড়িয়েছেন। এই নারীদের সবাই আড়ংয়ের জন্য চাদর সরবরাহ করেন। প্রতিটি চাদরের দাম ৩০০ টাকা।
হেব্রনপাড়ার বম নারী জুনকিম বম বলেন, কোমর তাঁতে চাদর বুনে বেশ ভালোই আয় হচ্ছে তাঁদের। পাড়ার অনেক নারী এখন সংসারে অর্থের জোগান দিচ্ছেন। ফলে পরিবারে তাঁদের কদরও বেড়েছে।
আড়ংয়ের ও প্রতিনিধি হস্তশিল্প প্রতিষ্ঠান জুমলাইনের মালিক রিটন চাকমা জানালেন, দুই বছর ধরে বান্দরবানের বম নারীদের কোমর তাঁতের তৈরি চাদর ও কম্বল আড়ংয়ে সরবরাহ করছেন তিনি। বান্দরবানের জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা শার্লি মে শৈ প্রুর মাধ্যমে তিনি এই বম নারীদের চাদর ও কম্বল সম্পর্কে জেনেছেন। বর্তমানে আড়ং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্য বিপণন করছে। তবে ডিজাইন, রং ও বুটিক সম্পর্কে প্রশিক্ষণ থাকলে এই নারীরা আরও বেশি উন্নত মানের পণ্য উৎপাদন করতে পারতেন বলে তিনি মনে করেন।
হেব্রনপাড়ার তোয়ারনিম বম বলেন, তাঁরা সবাই দিনে জুমে অথবা বাগানে কাজ করেন। রাতে রান্না ও খাওয়া শেষে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চাদর তৈরি করেন। আগে যে যাঁর মতো কাজ করেছেন। এখন কাজ করছেন আড়ংয়ের চাহিদা অনুযায়ী।
মাসে কয়টা চাদর তৈরি করেন জানতে চাইলে ভানরাম বম বলেন, গত মাসে তিনি আটটা চাদর তৈরি করে ২ হাজার ৪০০ টাকা বাড়তি আয় করেছেন। অবসর সময় কাজে লাগিয়ে কিছু আয় করার সুযোগ পাওয়া গেছে, এতেই খুশি তিনি।
জয়িতা ও নারী উদ্যোক্তা শার্লি মে শৈ প্রু বলেন, স্থানীয় বাজারে দুই থেকে আড়াই শ টাকায় চাদর বিক্রি হলেও আড়ং ৩০০ টাকায় কিনে নিচ্ছে। এতে নারীরা আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছেন তেমনি বিপণনের নিশ্চয়তা পাচ্ছেন, যা তাঁরা আগে পেতেন না।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা সম্প্রতি বম নারীদের চাদর সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের চাদর প্রশংসিত হচ্ছে।’