কোমরে পিস্তল ছিল বলে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডার সফিউল্লাহর সেই পিস্তলটি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের সমর জাদুঘরে সংরক্ষিত l এম সাদেক
সেক্টর কমান্ডার সফিউল্লাহর সেই পিস্তলটি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের সমর জাদুঘরে সংরক্ষিত l এম সাদেক

একেবারে হাতাহাতি লড়াই হচ্ছিল পাকিস্তানি সেনার সঙ্গে। হঠাৎ গুলি ছোড়ে শত্রু। এত কাছে থেকে ছোড়া গুলির নিশানা ভুল হওয়ার কারণ নেই। গুলি লাগে তখনকার লে. কর্নেল কে এম সফিউল্লাহর কোমরে। কিন্তু তবু জখম হননি তিনি। কেননা, তাঁর কোমরে হোলস্টারে গোঁজা ছিল পিস্তল। শত্রুর গুলি এসে লেগেছে সেই পিস্তলে। নিতান্ত কাকতালীয়ভাবে প্রাণে বেঁচে যান সফিউল্লাহ।
৪৪ বছর আগের সেই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে চক চক করে ওঠে এই সেক্টর কমান্ডারের চোখ।
১৯৭১ সালের অক্টোবর মাসের দিকে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীকে প্রায় কাবু করে ফেলেছিল। ৩ ডিসেম্বর ভারতের বিমানঘাঁটিতে পাকিস্তান হামলা চালালে পািকস্তান-ভারত যুদ্ধ শুরু হয়ে যায়। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত।
৩ ডিসেম্বরই মেজর সফিউল্লাহর দল আখাউড়া দখল করে ফেলে। তখন তিনি মুক্তিযুদ্ধের এস ফোর্সের অধিনায়ক। সিদ্ধান্ত অনুসারে, আখাউড়া থেকে তিনটি দল ভিন্ন ভিন্ন পথে ঢাকা আক্রমণের লক্ষ্যে রওনা দেয়, যার একটি দলের নেতৃত্বে ছিলেন লে. কর্নেল সফিউল্লাহ। সেই যাত্রাপথেই ঘটে এই রোমাঞ্চকর লড়াই।
সফিউল্লাহর নেতৃত্বাধীন দলটি যখন সিলেট মহাসড়ক ধরে এগোচ্ছিল, তখন হঠাৎ করেই তাঁরা দেখেন, পেছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটি দেখে মেজর নাসিম বলেন, ‘স্যার, তেলিয়াপাড়া অ্যাকসেসটা বোধ হয় আমাদের আওতায় এসে গেছে।’ ট্রাকটার রং ছিল ১১ নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ট্রাকের মতো। ফলে তাঁরা মনে করেছিলেন, এটি তাঁদেরই গুলিভর্তি ট্রাক।
কিন্তু ট্রাকটি কাছে এলে তাঁরা টের পান, এটি পাকিস্তানি বাহিনীর ট্রাক। ততক্ষণে দেরি হয়ে গেছে। শত্রুদের আত্মসমর্পণের নির্দেশ দেন তাঁরা। প্রথমে তারা আদেশ মান্য করে হাত তুললেও যখন দেখল যৌথ বাহিনীর সৈন্য সংখ্যা তাদের চেয়ে কম, তখন তাদের কয়েকজন ট্রাক থেকে নেমে গুলি ছুড়তে ছুড়তে গ্রামের দিকে চলে যায়। আর ট্রাকের সামনে বসা একজন অতিকায় পাকিস্তানি সুবেদার লাফ দিয়ে নেমে লে কর্নেল সফিউল্লাহকে ধরে ফেলে, শুরু হয় তুমুল ধস্তাধস্তি। উভয়ের থলিতেই পিস্তল থাকলেও তাঁরা কেউই তা হাতে নিতে পারছিলেন না। পাশেই দাঁড়িয়ে ছিল লে. কর্নেল সফিউল্লাহর রানার সিপাহি মান্নান, তিনি স্টেনগান নিয়ে কয়েকবার লক্ষ্য স্থির করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর পারেননি। কারণ, কখনো সফিউল্লাহ ব্যারেলের মুখোমুখি, কখনো সেই সুবেদার।
লড়াইয়ের একপর্যায়ে লে. কর্নেল সফিউল্লাহ জুডো ও মুষ্টিযুদ্ধের যৌথ কসরত প্রয়োগ করে সুবেদারের কুঁচকিতে আঘাত করলে তাঁর হাত খুলে যায়। এরপর তিনি প্রচণ্ড শক্তিতে সুবেদারের চোয়ালে ঘুষি মারেন, তখন সে ছিটকে পড়ে। এরপর সেই সুবেদার উঠে গিয়ে সিপাহি মান্নানকে ঢাল হিসেবে ব্যবহার করে তাঁর স্টেনগান দিয়েই সফিউল্লাহকে গুলি করে। সৌভাগ্যবশত গুলিটি লাগে সফিউল্লাহর পিস্তলে, তিনি প্রাণে বেঁচে যান। এরপর সফিউল্লাহ সুবেদারের হাত থেকে অস্ত্রটি কেড়ে নিয়ে তার বাঁট দিয়ে সুবেদারের মাথায় আঘাত করতে থাকেন। একসময় সে মাটিতে পড়ে যায়।
এরপর সেই সুবেদার যখন আহত অবস্থায় তাঁর সামনে আসে, তখন সে জিজ্ঞেস করেছিল, এখন তিনি তাকে নিয়ে কী করবেন। উত্তরে সফিউল্লাহ বলেছিলেন, ‘তুমি এখন আহত, তোমার চিকিৎসা দরকার।’ এই উত্তর শুনে সুবেদার বলে ওঠে, ‘তুম মোসলমান হো’। সফিউল্লাহ বলেন, ‘হ্যাঁ, আমি মুসলমান।’ তখন সুবেদার যা বলল তার অর্থ দাঁড়ায় এ রকম: তাদের তো বলা হয়েছিল, এ দেশে কোনো মুসলমান নেই। পশ্চিম পাকিস্তানি সেনাদের যুদ্ধে নামানোর জন্য এসব কথাই বলা হয়েছিল।
সেক্টর কমান্ডার সফিউল্লাহর সেই পিস্তলটি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের সমর জাদুঘরে সংরক্ষিত আছে।