কোমলমতি শিশুর ভয়ংকর খেলা, করুণ পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনের ওড়না দিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে রাকিবুল ইসলাম (১০) নামের এক শিশু মারা গেছে। সে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম মজিবর রহমান।
মজিবরের প্রতিবেশী ও দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরীন আক্তার বলেন, বৃহস্পতিবার বিকেলে রাকিবুল ওর ছোট বোন লাবণি আক্তারের (৯) কাছ থেকে খেলার জন্য একটি ওড়না নেয়। একপর্যায়ে সে বিছানার ওপর দাঁড়িয়ে পায়ের নিচে কয়েকটি বালিশ দিয়ে ওড়নাটি ঘরের আড়ার সঙ্গে বেঁধে ফাঁসি ফাঁসি খেলতে থাকে। হঠাৎ বালিশ সরে গেলে ফাঁস লেগে ছটফট করে সে। কিন্তু সেখানে থাকা বোন লাবণি বিষয়টি খেলা মনে করে কাউকে কিছু বলেনি। পরে রাকিবুল নিস্তেজ হয়ে ঝুলতে থাকলে লাবণির চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে। দ্রুত রাকিবুলকে উদ্ধার করে স্থানীয় জামতলা হাটের এক পল্লিচিকিৎসকের কাছে নিলে তিনি শিশুটি মারা গেছে বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, শিশুটির বাবা ঢাকায় দরজি হিসেবে কাজ করেন। আর মা ঘটনার সময় ঘরের বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বলেন, শিশুটির গলায় ফাঁসের চিহ্ন ছিল। তার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।