কোমেনের প্রভাবে ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় কোমেন বন্দরে আঘাত না হানলেও কোমেনের প্রভাবে প্রস্তুতিমূলক নানা কার্যক্রম হাতে নিতে হয়েছে বন্দরের। জেটিতে জাহাজ ভেড়ানো হয়নি। কনটেইনার সরবরাহ হয়েছে কম। যন্ত্রপাতি, জাহাজ ও কনটেইনারের পরিচালন কার্যক্রমও ছিল সীমিত। কোমেনের প্রভাবে বন্দরে ভৌত অবকাঠামো ও রাজস্ব আয় খাতে ক্ষতির এই পরিমাণ ১ কোটি ৬১ লাখ টাকা।
বন্দরের বিভিন্ন বিভাগ থেকে পাঠানো ভৌত ও রাজস্ব ক্ষতির এই হিসাব করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় আঘাত না করলেও এর প্রভাবে ক্ষয়ক্ষতির এই হিসাব এবারই প্রথম করেছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, কোমেনের ক্ষতির হিসাব করে টাকার ওই অঙ্ক নির্ধারণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে টাকার অঙ্কে ক্ষতি ছাড়াও পরিচালন কার্যক্রম বন্ধ থাকায় এখনো চাপ নিতে হচ্ছে বন্দরকে। এই চাপ পুষিয়ে নিতে বাড়তি কাজ করতে হচ্ছে। এই ক্ষতির হিসাব এর মধ্যে আসেনি।
গত বুধবার রাতে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ৭ নম্বর বিপৎসংকেত জারির পরই বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালাট-৩’ জারি করা হয়। এ সতর্কতা অনুযায়ী বন্দরের পরিচালন কার্যক্রম সীমিত করা হয়। বৃহস্পতিবারও এই সতর্কতা বহাল ছিল। এই সর্বোচ্চ সতর্কতার সময় বন্দরে ২১ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ জাহাজ জেটি থেকে সাগরে পাঠানো, পণ্যভর্তি ও খালি কনটেইনার নিরাপদ স্তরে বিন্যস্ত করা, গ্যান্ট্রি ক্রেন ও মোবাইল হারবার ক্রেন নিরাপদে রাখা, বন্দরের নিজস্ব জাহাজগুলো নিরাপদে রাখা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার যন্ত্রপাতি প্রস্তুত রাখা, পণ্য যাতে নষ্ট না হয়, সে জন্য শেডের সামনে বালির বস্তা ফেলে পণ্য সুরক্ষিত রাখা ইত্যাদি।
বন্দরের ক্ষয়ক্ষতির হিসাবে দেখা যায়, ভৌত অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতি হয়েছে কম। যেমন এক কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি গাছ উপড়ে গেছে। জোয়ারের পানিতে বন্দর এলাকায় জলাবদ্ধতার কারণে এই ক্ষতি হয়েছে।
রাজস্ব আয় খাতে ক্ষতির হিসাবও নির্ধারণ করেছে বন্দর। এর মধ্যে রয়েছে জেটিতে জাহাজ আনা-নেওয়া এবং পণ্য ও কনটেইনার সরবরাহ সীমিত হয়ে পড়ায় ক্ষতি গুনতে হয়েছে। যেমন গত বুধবার কোনো জাহাজ জেটিতে ভেড়ানো হয়নি। পরদিন মাত্র দুটি জাহাজ ভেড়ানো হয়। ফলে বন্দর এ খাতে রাজস্ব আদায় হয়নি।
বন্দর ছাড়াও জাহাজ কোম্পানি ও আমদানিকারকদেরও ক্ষতি হয়েছে। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই দিনের বেশির ভাগ সময় পণ্যবাহী জাহাজগুলোর অধিকাংশই অলস বসে ছিল। সার্বক্ষণিক মূল ইঞ্জিন চালু রাখতে হয়েছে।
বন্দরের তথ্যে দেখা যায়, কোমেনের প্রভাবে বন্দরে অবস্থানরত ৬৫টি জাহাজে পণ্য ওঠা–নামার কাজ ব্যাহত হয়।
বন্দর সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে জেটিতে জাহাজ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্দরের। বন্দর চ্যানেলে ও বহির্নোঙরে ২২টি জাহাজ ডুবে যায়। জেটিসহ অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ১৬০ কোটি টাকা হিসাব করা হয়েছিল।