কোম্পানীগঞ্জ ও ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ফুলপুর থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের ছয় সদস্য একজন আসামি নিয়ে মাইক্রোবাসে করে ঢাকা থেকে ফুলপুর ফিরছিলেন। ফুলপুরের ইমাতপুর এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক আনারুল (৩০) নিহত হন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কনস্টেবল আবদুর রাজ্জাক (৫৬) মারা যান। দুর্ঘটনায় এসআই হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্য এবং আসামি শহীদ আহত হন।
এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহারপুল নামক স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে মো. শাহজাহান (৩৫) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।