কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জে পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’ ও পাথর কোয়ারিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে নৌ ও স্থলপথে পাথরবাহী যান চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরু হবে। উপজেলা আওয়ামী লীগের ডাকে ধর্মঘট পালনের জন্য গতকাল বুধবার সন্ধ্যা থেকে উপজেলা সদরে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানে স্থানীয় প্রশাসনও পড়েছে বিপাকে।
যোগাযোগ করলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজদ বলেন, ‘আমরা সরকারি দলের হলেও তো মানুষ। নিষিদ্ধ বোমা মেশিন বন্ধ ও পাথর কোয়ারিতে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে একটি চক্র। প্রশাসনকে একাধিকবার বলার পরও এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় আমরা সর্বসম্মতিক্রমে এ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’
আওয়ামী লীগের নামে ধর্মঘট ডাকায় উপজেলা প্রশাসনও বিব্রতকর অবস্থার মুখে পড়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুকনউদ্দিন আহমদ। গতকাল রাতে তিনি বলেন, ‘ধর্মঘট শুনে আমি আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চেয়েছিলাম। তাঁরা বলেছেন, শুধু পাথরবাহী যানগুলোতে এ ধর্মঘট চলবে। যাত্রীবাহী যানবাহনে কোনো বাধা দেওয়া হবে না।’
ইউএনও বলেন, বোমা মেশিন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলছে। এ ছাড়া পাথর কোয়ারির একটি অংশে এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি করা রয়েছে।