কোম্পানীগঞ্জে অভিযান, ১৮ বোমামেশিন ধ্বংস
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি লাগোয়া রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার শেষ হওয়া টানা দুই দিনের অভিযানে সেখানে ১৮টি বোমামেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আরিফুল হক।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েস আলম বলেন, নির্বাহী হাকিম আরিফুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলে। আর গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে পরিবেশবিধ্বংসী পাথর উত্তোলন যন্ত্রের স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়। সংরক্ষিত ওই এলাকার পুরোটা পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেখানে আর যাতে বোমামেশিন না চলে, সে বিষয়ে রেলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
টাস্কফোর্স-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশে রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত ৩৫৯ একর জায়গা রয়েছে। এর চারদিকে বোমামেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। সম্প্রতি এভাবে পাথর উত্তোলন বেড়ে যাওয়ায় অভিযানের সিদ্ধান্ত হয়। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার ১৮টি বোমামেশিন ধ্বংস করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব যন্ত্রের স্থাপনা ও কিছু সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশে রেলওয়ের রজ্জুপথ সুবিধাসম্পন্ন একমাত্র পাথর কোয়ারি ভোলাগঞ্জ। ১৯৬৪ সালে পাথর পরিবহনে স্থল ও জলযানের বিকল্প হিসেবে এ রজ্জুপথ চালু হয়। ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রজ্জুপথ ১১৯টি খুঁটির মাধ্যমে সম্প্রসারিত। বর্তমানে রজ্জুপথটি বন্ধ থাকায় সংরক্ষিত ওই জায়গা খুঁড়ে পাথর তুলে বিক্রি শুরু করে একটি চক্র।