
কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর ও ভোটারদের কাছে থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারাসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে। এসব অনিয়মের কারণে আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
তবে কোম্পানীগঞ্জের তুলনায় অনেকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পাশের কবিরহাট উপজেলায়। নরোত্তমপুর ইউনিয়নের একটি কেন্দ্র ছাড়া সাতটি ইউনিয়নের অন্য কোথাও থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, দুই উপজেলার বিচ্ছিন্ন ঘটনায় একজন সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর উচ্চবিদ্যালয় ও শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারতে শুরু করে দুর্বৃত্তরা। এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ স্থগিত করেন।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং পৌনে ১১টার দিকে সিরাজপুর পিএল একাডেমি কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারতে থাকেন বহিরাগত একদল যুবক। এই পরিস্থিতিতে ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তারা। পশ্চিম মোহাম্মদ নগর কেন্দ্রে তিনটি, যোগিদিয়া কেন্দ্রে একটি ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ভোটকেন্দ্রের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরাজপুর উচ্চবিদ্যালয়ে ৫টি, যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি এবং শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি ফাঁকা গুলি করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চরকাঁকড়া ইউনিয়নের আমিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তানভীর রহমান জানান, বেলা দেড়টার দিকে একজন সদস্য প্রার্থীর সমর্থকেরা বোমা ফাটিয়ে কেন্দ্রে ঢুকে পড়েন। তাঁরা এ সময় একটি বুথ থেকে ব্যালট পেপারের একটি বই ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বেলা পৌনে ১২টার দিকে একই ইউনিয়নের মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে শতাধিক ককটেল ফাটিয়ে একদল যুবক ভেতরে ঢুকে পোলিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারতে থাকেন। এ কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয় বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. মেহেদি রাজ্জাক।
রামপুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুব্রত রায় জানান, বেলা সাড়ে ১১টার দিকে একদল ব্যক্তি কয়েকটি ককটেল ফাটিয়ে ৫ নম্বর ওয়ার্ডের আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন। তাঁরা এ সময় বেশ কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেন এবং একটি বাক্স ভাঙচুর করেন। এরপর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেন।
চরএলাহী ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল মতিন ওরফে তোতা অভিযোগ করেন, সকাল সোয়া আটটার দিকে চর ল্যাংটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর স্ত্রী পারভিন আক্তার ও শ্যালিকা ফেন্সী আক্তার ভোট দিতে গেলে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন। এভাবে তাঁরা নয়টি কেন্দ্রের সাতটিই দখল করে ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে সিল মারেন। এসব বিষয়ে অভিযোগ করেও প্রশাসনের কাছে থেকে কোনো প্রতিকার না পেয়ে তিনি সাড়ে আটটায় ভোট বর্জন করেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের সব কটিতে ক্ষমতাসীন দলের লোকজন কোথাও কেন্দ্র দখল, কোথাও প্রভাব বিস্তার করে সাধারণ ভোটারদের জিম্মি করে ফেলেন। বিশেষ করে চেয়ারম্যান পদে অধিকাংশ ভোটারই তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তাঁদের কাছে থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারা হয়েছে।
বিএনপির অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, সিরাজপুর ইউনিয়নে সদস্য প্রার্থীদের লোকজন কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এ ছাড়া অন্য কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিএনপির প্রার্থীরা নির্বাচনে হেরে যাবেন বলে এখন নানা অপপ্রচার চালাচ্ছেন।
এদিকে সকাল আটটা থেকে কবিরহাট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে নরোত্তমপুর ইউনিয়নের মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল বহিরাগত ঢুকে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলে প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেন। এ সময় পুলিশ পাঁচটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া উপজেলার অন্য ছয়টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিক্ষিপ্ত কিছু সহিংস ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে দুই উপজেলার ১৫টি ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে। ব্যালট বাক্স ভাঙচুর, কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।