কোম্পানীগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজা-জানালাগুলো ভাঙাচোরা, ভবনের দেয়াল ও পিলারের আস্তর খসে পড়ছে। চালের ছিদ্র দিয়ে পড়া বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীদের বইখাতা ও পরনের জামা-কাপড়। মাঝেমধ্যে শ্রেণিকক্ষের মেঝে ডুবে যায় জোয়ারের পানিতে। এর পরও পাঠদান থেমে নেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গত কয়েক বছর ধরে এই অবস্থা বিরাজ করলেও বিদ্যালয়টি মেরামত কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি বিদ্যালয়ের আধা পাকা ভবনের চালের ফুটো দিয়ে ভেতরে পড়ে মেঝে ভিজে রয়েছে। শ্রেণিকক্ষগুলোর কোনটির দরজা, কোনটির জানালা নেই। নেই জানালার গ্রিলও। প্রতিটি শ্রেণিকক্ষের অবস্থাই একই। পর্যাপ্ত আসবাবও নেই। কক্ষের পাশের দেয়াল ও পিলারগুলো খসে পড়ছে। শিক্ষকেরা জানান, এমন দুরবস্থার মধ্যেই দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মারজাহান বলে, ‘চালের ছিদ্র দিয়ে পানি পড়ে বইখাতা ভিজে যায়। বৃষ্টির সময় আমরা ঠিকমতো ক্লাসে বসতে পারি না। আবার পার্শ্ববর্তী ছোট ফেনী নদীর জোয়ারের পানিও ক্লাসে ঢোকে। ঠিকমতো ক্লাস করা যায় না।’
আরেক শিক্ষার্থী বিবি ছায়েরা জানায়, শ্রেণিকক্ষের ওপরের চালটি জরাজীর্ণ হওয়ায় ক্লাসে বসতেও ভয় লাগে। কখন জানি ভেঙে পড়ে। তা ছাড়া শ্রেণিকক্ষে বসার বেঞ্চগুলো ভাঙাচোরা। এতে ক্লাস করতেও অনেক কষ্ট হয়।
প্রধান শিক্ষক বাবুল বিকাশ মজুমদার প্রথম আলোকে বলেন, এত খারাপ অবস্থা কোম্পানীগঞ্জের কোনো বিদ্যালয়ে নেই। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। বর্তমানে যেদিন বৃষ্টি হয়, সেদিন ক্লাস চালানোই দুরূহ হয়ে পড়ে। এর পরও অনেক দুঃখ-কষ্টের ভেতর দিয়ে পাঠদান অব্যাহত রেখেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি গত বছর জাতীয়করণ করা হয়। এরই মধ্যে জরাজীর্ণ ভবনের তালিকায় বিদ্যালয়টির নাম অন্তর্ভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নতুন ভবন হতে কিছুটা সময় লাগবে।