কোম্পানীগঞ্জে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবারের ওই সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল কোম্পানীগঞ্জ উপজেলা মিলনায়তনে শ্রমিক লীগের সম্মেলন হয়। প্রথম অধিবেশন শুরু হয় বেলা দুইটার দিকে। এতে স্থানীয় সাংসদ ইমরান আহমদসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি এজাজুল হক। কিন্তু সভাপতি হিসেবে শামসুল হকের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের নাম ঘোষণার পরপরই হট্টগোল শুরু হয়। ‘মানি না, মানি না’ বলে দুটি চেয়ার মঞ্চের দিকে ছুড়ে মারেন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নুরুল ইসলামের পক্ষের কর্মীরা। এ সময় ‘ধর ধর...’ বলে নুরুল ইসলামসহ তাঁর পক্ষের কর্মীদের ধাওয়া করলে তাঁরা মিলনায়তনের বাইরে চলে যান।
পরে মিলনায়তনের বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে নুরুল ইসলামের পক্ষের কর্মীদের ধাওয়া করলে বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে। এ সময় নুরুল ইসলামের পক্ষের ১২ জন কর্মী আহত হন।