পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন না করা সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাই ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বিলি-বণ্টনের বিষয়ে মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ধরনের সংশোধনী আনার পরিকল্পনা সরকারের নেই।
জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। এ-সম্পর্কিত প্রশ্নে জাতীয় পার্টির শওকত চৌধুরী জানতে চান, কোনো ব্যক্তির পুত্রসন্তান না থাকলে এবং তিনি এক বা একাধিক কন্যাসন্তান রেখে মারা গেলে তাঁর সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওই কন্যাসন্তানের চাচা বা চাচাতো ভাইয়েরা পাবে। প্রচলিত স্লোগান ‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’। এ ক্ষেত্রে দুটি সন্তানই মেয়ে হলে তারা তিন ভাগের এক ভাগ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যমান এই আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কি না?
এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কন্যাসন্তানদের জন্য নির্ধারিত অংশ তাঁরা পাচ্ছেন। যেহেতু মুসলিম পারিবারিক আইনে এই বিলি-বণ্টনের কথা বলা আছে, তাই সরকারের ভিন্ন কোনো সিদ্ধান্ত নেই।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টার দিকে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, গত ১২ বছরে মানব পাচার প্রতিরোধ আইনে ২ হাজার ৩৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৪১৯টি মামলার নিষ্পত্তি হয়েছে।
সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ব্রিটিশ-ভারত ও পাকিস্তান আমলে প্রণীত ৩৬৪টি আইন এখনো বহাল আছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রের বিধান অনুযায়ী এসব আইনকে অব্যাহত রাখা হয়।
নুরুন্নবী চৌধুরীর অপর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক জানান, বর্তমানে দেশে ২ কোটি ৩৪ হাজার গরু, ১৪ লাখ ৫৭ হাজার মহিষ, ৩২ লাখ ভেড়া এবং ২ কোটি ৫৪ লাখ ছাগল রয়েছে। সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৩-১৪ অর্থবছরে মাছের উৎপাদন ছিল ৩৫ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। একই সময়ে মাছের চাহিদা ছিল ৩৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন।
দেশে সর্বাধিক ৩ লাখ ১৬ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় ময়মনসিংহে। সর্বনিম্ন উৎপাদন হয় বান্দরবানে ১ হাজার ৬০৮ মেট্রিক টন।