কোরবানির পশু যত্রতত্র জবাই না করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তাতে তেমন সাড়া মিলছে না। এ অবস্থায় এ বছর নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার জন্য নগরবাসীকে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তাদের আশা, এবার হয়তো নগরবাসীর সাড়া মিলবে।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নাগরিকেরা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাইয়ে তেমন আগ্রহ দেখান না। তাঁরা বাসাবাড়ির সামনে কিংবা সড়কের ওপর পশু জবাই করেন। দুই বছর ধরে নগরের নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে উদ্বুদ্ধ করা হলেও গত বছর মাত্র ২০ শতাংশ পশু করপোরেশনের নির্ধারিত স্থানে জবাই করা হয়েছে।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন স্থান নির্ধারণ করে দিলেও পশু জবাইয়ের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারে না। এ কারণেই বেশির ভাগ লোক বাড়ির পাশে কিংবা আঙিনায় পশু জবাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, সিটি করপোরেশন থেকে স্থান নির্বাচন করে দিলেও সেখানে কোনো সুযোগ-সুবিধা থাকে না। পানি সমস্যা ও পরিবেশগত দিক ভালো না হওয়ায় এসব স্থানে যেতে আগ্রহ দেখান না তাঁরা।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, করপোরেশনের এই উদ্যোগ খুবই ভালো। কিন্তু নাগরিকেরা বাড়ির আঙিনা বা সড়কের পাশে পশু জবাই করতে অভ্যস্ত হয়ে গেছেন। বাড়তি খরচ এবং সুবিধা না থাকায় তাঁরা দূরে যেতে চান না। এ পরিস্থিতি থেকে ফিরিয়ে আনতে হলে ব্যাপক প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে পশু জবাইয়ের নির্ধারিত স্থানে পানিসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তখন নাগরিকেরা আস্তে আস্তে এগিয়ে আসবেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, এ বছর নগরের স্থায়ী জবাইখানা ছাড়াও ৩০টি ওয়ার্ডে অতিরিক্ত ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে কোরবানির পশু জবাই করতে নাগরিকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে ও বিক্ষিপ্ত স্থানে পশু জবাই না করতে অনুরোধ জানানো হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানো হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি তদারকি করা হবে। উদ্যোগ বাস্তবায়নে ৩০ ওয়ার্ডে ৩০টি কমিটি করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, এ বছর কেবল স্থান নির্বাচন নয়, কোরবানির ১৫-২০ দিন আগে থেকে প্রচারণা চালানো হবে। সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে। কোরবানির পশু যত্রতত্র জবাই ঠেকাতে তদারকি করা হবে।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘আইন করে নাগরিক সচেতনতা বাড়ানো সম্ভব নয়। কোরবানির পশু যত্রতত্র জবাই হলে পুরো নগরের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমরা চাইব নাগরিকেরা নির্ধারিত স্থানেই পশু জবাই করবে। করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি স্থানে আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ব্যাগ সরবরাহ করা হবে। পানি থাকবে। আশা করি, নাগরিকেরা সহযোগিতা করবে।’