কোরবানির পশুর বর্জ্য এখনো সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির হাট শেষ হয়েছে অনেক আগে। কিন্তু হাটের বর্জ্য এখনো রয়ে গেছে l ছবি: প্রথম আলো
কোরবানির হাট শেষ হয়েছে অনেক আগে। কিন্তু হাটের বর্জ্য এখনো রয়ে গেছে l ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের পেছনে বালুর মাঠ ও পাশের সড়কে কোরবানির পশুর যে হাট বসেছিল, ঈদের ১০ দিন পরও সেখানে বর্জ্য রয়েই গেছে। হাটের অবকাঠামো তৈরি ও পশু বাঁধার জন৵ পাকা সড়ক খুঁড়ে বাঁশ পোঁতা হয়েছিল। এখন পুরো সড়কে সেই শত শত গর্ত।
গতকাল শুক্রবার এলাকা ঘুরে এ অবস্থা দেখা যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইজারা দেওয়া ব্রাদার্স ক্লাব কোরবানির পশুর হাটের সঙ্গে এই সড়ক যুক্ত। গোপীবাগ, কমলাপুর, মুগদা এলাকার সমন্বয়ে এখানে কোরবানির পশুর হাট বসে।
বাংলাদেশ ব্যাংকের অচল টাকা পোড়ানোর চিমনির পাশে উঁচু দেয়াল। তার পাশে বালুর মাঠ সড়কে গতকাল বিকেলে দেখা গেল পরিত্যক্ত খড়কুটো, পশুর মলসহ কোরবানির পশুর হাটের বর্জ্য পড়ে আছে। তা থেকে ছড়াচ্ছে বমি উদ্রেককারী দুর্গন্ধ। স্থানীয় একটি ভাঙারির দোকানি বলেন, পশুর হাট চলাকালে এখানে প্রচুর আবর্জনা জমা হতো। সেই আবর্জনা পুরোপুরি পরিষ্কার করা হয়নি। কিছু আবর্জনা এলাকার বিভিন্ন সড়কে পড়ে আছে।
একইভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা যায় মধুমিতা সিনেমা হলের পাশ দিয়ে বালুর মাঠে আসার পথ, কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বস্তির পাশের সড়কে।
কোরবানির ঈদের তিন দিন আগে হাটে পশু আনার কথা থাকলেও প্রতিবছরই এই হাটে পশু আসতে শুরু করে সাত-আট দিন আগে থেকে। ৪ সেপ্টেম্বর দেখা গিয়েছিল পশু বেঁধে রাখার জন্য পাকা সড়ক খুঁড়ে গর্ত করা হচ্ছে। এভাবে স্থানীয় কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে কমলাপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং অন্যদিকে দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার পর্যন্ত সড়কে প্রচুর গর্ত করা হয়। গতকাল দেখা যায় গর্তগুলো সেই অবস্থাতেই আছে। কিছু গর্তে ধুলাবালি পড়েছে। ভারী বৃষ্টি হলে সব ধুয়ে বেরিয়ে আসবে গর্ত। সম্প্রতি এই সড়কে পিচ ঢালাই করা হয়েছিল।
দেখা গেল, স্থানীয় ওয়াসার পাম্পের সামনে, কমিউনিটি সেন্টারের সামনে, শাকিল অটোমোবাইলসের সামনে এবং আশপাশে সর্বত্রই শুধু গর্ত আর গর্ত। স্থানীয় দোকানিদের মতে, গর্ত না খুঁড়েও একটি বাঁশের খুঁটির সঙ্গে আরেকটি যুক্ত করে ভারসাম্য রক্ষা করে হাঠের অবকাঠামো তৈরি করা যায়। কিন্তু তা করা হয়নি। প্রতিবছরই কোরবানির ঈদে সড়কে এ ধরনের গর্ত করা হয়, পরে আবার টাকা খরচ করে তা মেরামত করা হয়। অথচ এলাকার অনেক বিধ্বস্ত সড়ক মেরামত করা হয় না।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের অধীন। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই হাট কমিটির প্রধান সুলতান মিয়া প্রথম আলোকে বলেন, সড়কের গর্তগুলো মেরামত করার কথা ব্রাদার্স ইউনিয়ন কর্তৃপক্ষের। শিগগিরই কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুর বর্জ্যের বিষয়ে কাউন্সিলর বলেন, বর্জ্য অনেকখানিই সরানো হয়েছে। তবে বৃষ্টির কারণে সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি সব পরিষ্কার হয়ে যাবে।