কোরবানির পশুর হাট জমে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ও গাইবান্ধায় এ বছর এখনো কোরবানির পশুর হাট জমে ওঠেনি। যে আমন কৃষকের অন্যান্য ফসল চাষের বাড়তি খরচ মেটায়, এবার বন্যার কারণে গাঁটের টাকা থেকে সেই আমন চাষের খরচ জোগাতে হয়েছে তাঁদের। আবার ভাদ্র-আশ্বিনে এ অঞ্চলের কৃষিজীবী মানুষের হাতে তেমন একটা কাজও থাকে না। তা ছাড়া হাটে কোরবানির পশুর দামও এবার অন্যান্যবারের তুলনায় চড়া। চাপে থাকা কৃষিজীবী মানুষদের এবার তাই কোরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি, মাদারগঞ্জ, গড়েয়া, রামনাথহাট, রানীশংকৈলের নেকমরদ, বালিয়ডাঙ্গীর লাহিড়ি, হরিপুরের যাদুরানি, পীরগঞ্জের ফকিরহাটে জেলার প্রধান প্রধান পশুর হাট বসেছে। গত শনিবার সদর উপজেলার খোঁচাবাড়ি হাটের দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য নিয়ে এসেছেন মালিকেরা। কিন্তু বেচাবিক্রি তেমন একটা নেই। এখানে ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ হাজার টাকায়। মাঝারি ৩০ থেকে ৪০ হাজারে আর বড় আকারের গরু বিক্রি হচ্ছে ৪০ হাজার টাকার ওপরে।
এদিকে গাইবান্ধার হাট ইজারাদার ও গরু ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, এখানে গত বছর মাঝারি আকারের গরু ১৮ থেকে ২৬ এবং বড় গরু ২৭ থেকে ৩২ হাজার টাকায় বেচাকেনা হয়েছে। কিন্তু এবার মাঝারি গরু ২৫ থেকে ২৯ এবং বড় গরু ৩২ থেকে ৫০ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গরু নিয়ে বিক্রির জন্য অপেক্ষায় ছিলেন আবদুর রশিদ নামের এক বিক্রেতা। তিনি বলেন, ‘গত বছর যে গরু ২৫ হাজার টাকায় বিক্রি করেছি, ওই গরুটি এবার ৩০ হাজার টাকার ওপরে বিক্রি করতে হচ্ছে। ছাগলেরও একই আবস্থা।’
কহরপাড়ার কৃষক আবদুল আউয়াল নিজের পালা গরুটা নিয়ে মাদারগঞ্জ হাটে এসেছিলেন। তিনি বলেন, ‘হাতত যা টাকা ছিল তা ধান লাগাবার তানে খরচ করিছু। বাড়ির একটা বাছুরসহ গরু বেচাবারতানে আনিছু। এইখান বিক্রির টাকাত ঈদের খরচ করিমু।’
লাহিড়িহাটে ঘুরে ঘুরে কোরবানির পশু দেখছিলেন সদর উপজেলার মিলনপুর গ্রামের কৃষক আবদুল করিম (৫৬)। তিনি বলেন, ‘সামনে ঈদ, হাত একেবারেই ফাঁকা। চিনি, সেমাই কেনাই কঠিন।’
একই উপজেলার আকচা গ্রামের কৃষক আরফান আলী (৪৮) বলেন, ‘হাতত টাকাপয়সা নাই। এবার ঋণ করিয়া দুই বিঘা জমিত ধান লাগাইছু। এলা ঈদ করিবার তানে টাকা নাই। হাটত গরুর দাম কম হইলেও ভাগ দেওয়া হামার হবেনি।’
এদিকে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার সাত উপজেলায় নিয়মিত ২৮টি পশুর হাট বসে। ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ১৮টি অস্থায়ী হাট বসানো হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার গাইবান্ধার কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায়, ঈদের আগের এ সময়টায় যেভাবে হাট জমার কথা, সেভাবে জমেনি। দুই-চারজন ক্রেতা দর-কষাকষি করলেও দাম শুনে ফিরে যাচ্ছেন।
গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে আসা কৃষক লক্ষ্মীপুর গ্রামের শাহজাহান মিয়া বলেন, ‘গত বছর যে গরু ৩০ হাজার দিয়ে কিনেছি, এ বছর সেটা ৪৫ হাজার চাওয়া হচ্ছে। দাম বেশি হওয়ায় ভাগেও কোরবানি দেওয়া যাচ্ছে না।’
একই উপজেলার কুপতলা হাটে গতকাল সোমবার আসা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, ‘পশুর দাম শুনে অবাক হলাম। চাকরিজীবীদের বেতন বেড়েছে, তাঁরাই কোরবানি করতে পারবেন। আমাদের পক্ষে সম্ভব না।’