কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার নগর ভবনের সামনে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএসসিসি। অনুষ্ঠানে মেয়র পরিচ্ছন্নতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন।
সাঈদ খোকন বলেন, ‘ঈদুল আজহার নামাজ পড়ে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে শহর পরিষ্কারে মাঠে থাকব৷ প্রতিশ্রুতি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই এ শহরকে পরিচ্ছন্ন করব। বর্জ্য অপসারণে সব যন্ত্রপাতি প্রস্তত রয়েছে।’ তিনি বলেন, একজন মেয়রের পক্ষে একা ঢাকা শহর পরিষ্কার করা সম্ভব নয়। তা করা গেলে অনেক আগেই শহর পরিষ্কার হয়ে যেত। তাই প্রত্যেক নাগরিককে একজন মেয়রের ভূমিকা পালন করতে হবে। নিজ অবস্থান থেকে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
সাঈদ খোকন বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন ২৪টি ভবন তৈরি করা হবে। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। তারপরও যে কাজ না করবে, তার বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া হবে।’
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম কে বখতিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক মো. মোজ্জামেল হক প্রমুখ বক্তব্য দেন।