কোরাম সংকটের আশঙ্কায় পয়েন্ট অব অর্ডার দিলেন না ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরাম সংকটের আশঙ্কায় গতকাল রোববার সাংসদদের পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ দেননি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

মাগরিবের নামাজের বিরতির পর জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে চান। তখন ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাদের এখনই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে আপনারা বক্তব্য দিয়ে চলে যাবেন। বিল পাসের সময় থাকবেন না। তখন আমাকে কোরাম সংকটে পড়তে হবে। পয়েন্ট অব অর্ডারের চেয়ে বিল পাস বেশি গুরুত্বপূর্ণ। আপনারা থাকেন, পরে আপনাদের সুযোগ দেব।’

বিল পাসের পর জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, ‘আজকে অনেক রাত হয়ে গেছে। বিল পাস করতে অনেক সময় লেগে গেছে। কাল আপনাদের সুযোগ দেওয়া হবে।’

গত ৩০ জুন বাজেট পাস হওয়ার আগেও কোরাম সংকটের আশঙ্কা প্রকাশ করে সাংসদদের সতর্ক করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার।

বিল পাস: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় পৃথক দুটি বিল গতকাল সংসদে পাস হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল ২০১৬ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিল ২০১৬ পৃথকভাবে সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ক্ষোভ ও নিন্দা: গুলশানে হলি আর্টিজান বেকারি, কিশোরগঞ্জের শোলাকিয়া ও ফ্রান্সের নিস শহরে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় সংসদ। গতকাল সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের নাম পড়ে শোক প্রকাশ করেন। এ সময় তিনি ফ্রান্সের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

স্পিকার নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সংসদের পক্ষ থেকে সমবেদনা জানান।

১ জুলাই গুলশানে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের প্রবেশপথে জঙ্গি হামলায় মারা যান পুলিশের দুই সদস্য ও এক গৃহবধূ।

আজ বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন আবার শুরু হবে।