কোরাম-সংকটে শিক্ষক সমিতির সভা পণ্ড, পরে জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোরামসংকটের কারণে শিক্ষক সমিতির সভা পণ্ড হওয়ার দুই দিন পর গতকাল বুধবার জরুরি সভা ডাকা হয়। ওই সভায় ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দিতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল চারটায় শিক্ষক সমিতি সাধারণ সভা আহ্বান করে। সভায় সমিতির সদস্য ২৮৫ জন শিক্ষকের মধ্যে মাত্র ৫২ জন উপস্থিত ছিলেন। সাধারণ সভা হওয়ার জন্য সমিতির এক-চতুর্থাংশ সদস্যের উপস্থিতির বাধ্যবাধকতা রয়েছে। ফলে কোরামসংকটে সভা পণ্ড হয়। কোরামসংকট এড়াতে গতকাল দুপুরে জরুরি সভা ডাকা হয়। তবে এবারও শিক্ষকদের উপস্থিতি ছিল অনেক কম। সভায় ৪৫-৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই সভায় ১ জানুয়ারি ক্লাস-পরীক্ষা শুরু ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ-সংক্রান্ত চিঠি উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে।
বৈঠকে অংশগ্রহণ করেননি এমন ১০ জন শিক্ষকের কাছে এর কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। শিক্ষক সমিতি শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। সমিতি এখন কয়েকজন শিক্ষকের ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এখানে সবার মতামত প্রতিফলিত হচ্ছে না। তাই ওই ধরনের সভায় অংশগ্রহণ করা আর না করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এ কারণেই তাঁরা সভায় যোগ দিচ্ছেন না।
এসব বিষয়ে জানতে গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছ জরুরি সভা ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোরামসংকট ও অন্য কোনো বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।