কোরেশীর স্ত্রী নিলুফার পিডিপির কো-চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) অসুস্থ চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশীর স্ত্রী নিলুফার পান্নাকে দলের কো-চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া বদিউল আলমকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও এম এ হোসেনকে মহাসচিব করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেরদৌস আহমদ কোরেশীর বাসায় পিডিপির কমিটি পুনর্গঠন ও গঠনতন্ত্রের কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করা হয়। সভায় ফেরদৌস কোরেশীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে নিলুফার পান্না প্রথম আলোকে বলেন, দলের ভেতর থেকে একটি অংশ কাউন্সিল করার নামে পিডিপিকে বেহাত করার ষড়যন্ত্র করছিল। একটি বিশেষ পরিস্থিতির কারণে তাঁকে দায়িত্ব নিতে হয়েছে।
এদিকে পিডিপির নামে আরেকটি অংশ গতকাল তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। তারা দাবি করে, ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে এম দেলোয়ার হোসেন পিডিপির চেয়ারম্যান ও এহসানুল হক মহাসচিব হয়েছেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক বড় কথা নয়, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে। আমরা ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি।’