কোর্টে যান, আত্মসমর্পণ করুন, কোর্ট জামিন দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘কোর্টে যান, আত্মসমর্পণ করুন। পরিস্থিতি তুলে ধরলে কোর্ট জামিন দিতে পারেন, বিচার পাবেন।’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় গতকাল সোমবার সংসদে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
সরকারকে আদালতের আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, ‘আইনকে অবজ্ঞা করা ভালো নিদর্শন নয়। এতে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা কমবে। আশা করি সরকার আদালতের আদেশ যথাযথভাবে পালন করবেন। এ জন্য যা যা করার দরকার, তা করতে হবে।’
গত সপ্তাহে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত পুলিশকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালানোর অনুমতিও দিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে ফরাজী বলেন, ‘আপনার তো পুলিশ প্রটেকশন থাকে। সাধারণ মানুষের, আমাদের থাকে না। কিছুদিন নাশকতা বন্ধ ছিল। গত দুই দিন থেকে আবার পেট্রলবোমা মারা শুরু হয়েছে। এই সংসদকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, ‘রাষ্ট্রপতি যখন ভাষণ দিয়েছেন, তখন দেশজুড়ে নাশকতা চলছিল। কিন্তু তাঁর বক্তব্যে কীভাবে এ আগুন বন্ধ হবে সেটা আসেনি। তিনি আমাদের অভিভাবক। তাঁর কোনো নির্দেশনা নেই। দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কী ঘটল?’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, হাবিবুর রহমান মোল্লা, আফসারুল আমিন প্রমুখ।
অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।