কোলাকুলি ও মাথায় হাত বুলিয়ে ভোট প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় চার দিন ধরে সূর্যের দেখা নেই। সারা দিন কুয়াশায় আচ্ছন্ন। এরই মধ্যে পড়ে গেছে কনকনে শীত। এই শীতও উপেক্ষা করে হঠাৎ কোনো ভোটারের বাড়ির উঠান থেকে ভেসে আসে উচ্চস্বরে সালামের শব্দ। তারপর পুরুষ ভোটার বেরিয়ে এলে চলে কোলাকুলি। মাথায় হাত বুলিয়ে দেন বয়স্ক নারী ভোটারদের। সবার কাছেই মিষ্টি ভাষায় খোঁজখবর নেন পরিবারের। উঠানে এসে দাঁড়ানো এই আন্তরিক মানুষগুলো আর কেউ নন। এবারের পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।
প্রার্থীদের আন্তরিকতা থেকে বাদ পড়ছে না যারা ভোটার নয় তারাও। তাদের কাছেও দোয়া চাচ্ছেন প্রার্থীরা। এভাবেই গাইবান্ধার তিনটি পৌরসভা নির্বাচনে চলছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের ভোট প্রার্থনা। তারপর প্রার্থীরা ভোটারদের কাছে নিজের গুণাগুণ তুলে ধরছেন। প্রত্যেকেই নিজেকে যোগ্য প্রার্থী বলে দাবি করছেন।
গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মুদি দোকানি আবদুল মালেক বললেন, ‘প্রার্থীরা এখন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু আমরা জনপ্রতিনিধিদের কাছে কিছু চাই না। প্রার্থী হয়ে তাঁরা এখন মানুষের সঙ্গে যেমন আচরণ ও ব্যবহার করছেন, নির্বাচিত হলেও যেন সেই ব্যবহার থাকে—এটাই প্রত্যাশা।’ একই ওয়ার্ডের ভোটার কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন বললেন, ‘প্রার্থীরা ভোরে এসে ঘুম থেকে ডেকে তুলছেন। তারপর বুকে জড়িয়ে কোলাকুলি করছেন। তাঁরা বলছেন, বিগত দিনে পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। আমাকে এবার ভোট দিন, নির্বাচিত হলে পৌরবাসীর কোনো সমস্যা থাকবে না ইত্যাদি।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার বৈদ্যুতিক মিস্ত্রি মোস্তফা মিয়া বললেন, ‘এবার প্রার্থীরা নারী ভোটারদের ভোট নিতে বেশি ঝুঁকে পড়েছেন। তাঁরা বয়স্ক নারী ভোটারদের মাথায় হাত বুলিয়ে দোয়া ও ভোট চাইছেন। কিন্তু এবার আমরা কারও মিষ্টি কথায় ভোট দেব না। যোগ্য দেখে ভোট দেব।’
এদিকে গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী শাহ মাসুদ জাহাঙ্গীর কবির বলেন, ‘ঐতিহ্যবাহী গাইবান্ধা পৌরসভায় যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। আমি নির্বাচিত হলে যানজটমুক্ত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ আধুনিক পৌরসভা গড়ে তুলব।’ এখানকার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র শামছুল আলম বলেন, ‘বিগত দিনে সড়কবাতি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। পৌর পার্ককে বিনোদন পার্ক হিসেবে গড়ে তুলেছি। পুনরায় নির্বাচিত হলে পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।’
সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান দোকানি জমির উদ্দিন হাসতে হাসতে বলেন, ‘যাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাঁদের অনেকে আগে কোনো দিনও আমার দোকানে আসেননি। এখন সবাই আমার দোকানে এসে পান-সিগারেট খান। কোলাকুলি করেন। সবাই নিজেকে খুব ভালো লোক বলে দাবি করছেন। সবাই এত ভালো হলে ভোট কাকে দেব, এ নিয়ে টেনশনে আছি।’
গোবিন্দগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটার রিকশাচালক বাবলু মিয়া (৪০) বললেন, আগে অনেক প্রার্থী প্রাইভেট কার ও মোটরসাইকেলে ঘুরে বেড়াতেন। কখনো রিকশায় ওঠেননি। এখন প্রায় সবাই কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায় ঘোরাফেরা করছেন। রিকশায় বসে ভোট চাইছেন, ভাড়া চাওয়া লাগে না। উল্টো পাঁচ থেকে দশ টাকা বেশি ভাড়া দিচ্ছেন।
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে সাতজন, সংরক্ষিত মহিলা আসনে ২০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আটজন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।