এক মাসেরও বেশি সময় ধরে কোষাধ্যক্ষ নেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।
আগের কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছেন উপাচার্য।
একই ব্যক্তির হাতে গুরুত্বপূর্ণ দুই পদের দায়িত্ব থাকায় প্রশাসনিক কাজে গতি কমে যাচ্ছে ও বিভিন্ন বিষয়ে দীর্ঘসূত্রতা এড়াতে অতীতের খারাপ নজির অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১০ জুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের মেয়াদ শেষ হয় গত ৮ জুন। এরপর তিনি তাঁর আগের কর্মস্থল গণিত বিভাগে ফিরে যান। এরপর আর কাউকে ওই পদে নিয়োগ দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় আইনের ১৪ ধারায় কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের তহবিল তদারক ও অর্থ-সংক্রান্ত নীতি সম্পর্কে পরামর্শ দেবেন, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিনিয়োগ পরিচালনা করবেন, বার্ষিক বাজেট ও হিসাব-বিবরণী পেশ করার জন্য দায়ী থাকবেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সব চুক্তিতে স্বাক্ষর করবেন। যে খাতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সে খাতেই যেন তা ব্যয় হয় তা দেখার জন্য কোষাধ্যক্ষ দায়ী থাকবেন। কোষাধ্যক্ষ সিন্ডিকেট, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির এবং সংবিধি অনুসারে আরও কয়েকটি কমিটির সদস্য।
কোষাধ্যক্ষ না থাকা অবস্থায়ই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। অর্থ-সংক্রান্ত নীতি গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের নিয়োগের ও অন্যান্য বিষয়ে চুক্তির ফাইল আটকে যাচ্ছে। আইন অনুসারে কোষাধ্যক্ষকে এসব চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু পদ শূন্য থাকায় এ ক্ষেত্রে অতীতের খারাপ নজিরকে অনুসরণ করে উপাচার্য বিশেষ ক্ষমতায় চুক্তিতে স্বাক্ষর করছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, রাষ্ট্রীয় আইন অনুসারে পদশূন্যজনিত কারণে আর্থিক বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব নেওয়ার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’—এর অন্যতম নেতা অধ্যাপক রাশেদ তালুকদার বলেন, ‘একই ব্যক্তির হাতে গুরুত্বপূর্ণ একাধিক পদ থাকা অল্প কয়দিনের জন্য হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে সুশাসন ও স্বচ্ছতার জন্য সেটি ভালো লক্ষণ নয়।’
উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আচার্যকে বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আচার্যের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি। আশা করি, সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।’