কোস্টগার্ডে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ডে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বাংলাদেশ কোস্টগার্ড বিল ২০১৬ গতকাল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি আইনে পরিণত হলে বিদ্যমান কোস্টগার্ড আইন ১৯৯৪ বাতিল হয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ডের কোনো ব্যক্তি বাহিনীতে বিদ্রোহের সূচনা করলে, বিদ্রোহে প্ররোচনা দিলে বা অংশ নিলে এবং বিদ্রোহের ঘটনাস্থলে উপস্থিত থেকে তা দমনের ব্যবস্থা না নিলে সেই ব্যক্তি কোস্টগার্ড আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত বা অন্য কোনো আইনের অধীনে লঘুদণ্ডে দণ্ডিত হবেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোস্টগার্ড বাহিনীতে একজন মহাপরিচালকসহ ২১টি পদ থাকবে। কোস্টগার্ডের কাজ হবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, মানব পাচার, মাদকদ্রব্য, চোরাচালানরোধ, অবৈধ মৎস্য আহরণ ইত্যাদি রোধ করা। কোনো ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক কাজে বাধা দিলে, কর্মকর্তাকে হুমকি দিলে বা তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি জুয়া খেললে বা মদ খেয়ে মাতলামি করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি মিথ্যা জেনেও অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করলে সেই ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইনটি অত্যন্ত সংক্ষিপ্ত। যে কারণে কোস্টগার্ড বাহিনীকে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়। তাই আইনটি নতুন করে প্রণয়ন করা দরকার।
১৯৯৪ সালে সংসদে সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোস্টগার্ড আইন করা হয়।