কোস্টগার্ডের বহরে নতুন দুই যুদ্ধজাহাজ
কোস্টগার্ড পূর্ব জোনের নৌবহরে যুক্ত হয়েছে আরও দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ (ফ্রিগেট)। ইতালি থেকে কেনা জাহাজ দুটি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে কোস্টগার্ডের জেটিতে ভেড়ানো হয়। জাহাজ দুটির নাম রাখা হয়েছে ‘সিজিএস তাজউদ্দীন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’।
প্রতিটি জাহাজ ৮৭ মিটার লম্বা। দুটি জাহাজেই অত্যাধুনিক কামান ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ইতালির লিস্পেজিয়া বন্দর থেকে জাহাজ দুটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
জেটিতে ভেড়ানোর পর জাহাজ দুটিকে স্বাগত জানান কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ডের উপমহাপরিচালক কমোডর এম মাহামুদুল হাসান।
কোস্টগার্ড সূত্র জানায়, ইতালি থেকে মোট চারটি জাহাজ কেনা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় দুটি জাহাজ কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হলো। অপর দুটি আগামী বছর কোস্টগার্ডের বহরে যুক্ত হবে। জাতীয় চার নেতার নামে চারটি জাহাজের নামকরণ করা হয়েছে।