কোস্টগার্ডের বিরুদ্ধে নারী জেলেদের পেটানোর অভিযোগ
বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকাসংলগ্ন পায়রা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ির রেণু ধরা ঠেকাতে গিয়ে কোস্টগার্ড সদস্যরা গতকাল বুধবার কয়েকজন নারী জেলেকে পিটিয়ে আহত করেছেন। এ সময় একজন নারী জেলে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজ নারীর নাম আসমা বেগম (২১)। আহত জেলেদের মধ্যে জোবায়দা বেগম (৪৫) ও কদভানু বেগমকে (৫০) প্রথমে তালতলী ও পরে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি তেঁতুলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত। কোস্টগার্ড সদস্যরা অবৈধ জাল উদ্ধারে অভিযান চালাতে গেলে জেলেরা তাঁদের ওপর চড়াও হন। এ সময় হুড়োহুড়িতে দুই নারী সামান্য আহত হন। তাঁদের চিকিৎসা দিতে বলেছি। কেউ নিখোঁজ নেই, এটা গুজব।’
প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে তেঁতুলবাড়িয়া গ্রামের জেলেরা পার্শ্ববর্তী পায়রা নদীতে নিষিদ্ধঘোষিত নেট জাল দিয়ে চিংড়ির রেণু ধরছিলেন। এ সময় একটি ট্রলারে করে কোস্টগার্ডের সখিনাচৌকির সাত-আটজন সদস্য এসব জাল জব্দ করেন। এ সময় জোবায়দা বেগম, কদভানু ও আসমা বাধা দেন। এতে কোস্টগার্ড সদস্যরা তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে আসমা ও জোবায়দাকে ট্রলারে তুলে নিয়ে যান। দুপুর ১২টার দিকে জোবায়দাকে তেঁতুলবাড়িয়া ভাঙন এলাকার বালুচর থেকে গুরুতর আহত অবস্থায় জেলেরা উদ্ধার করেন। কিন্তু আসমাকে পাওয়া যায়নি।