কোয়ারেনটাইন ব্যবস্থার দুর্বলতায় ফসলের রোগ ছড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রোগাক্রান্ত ফসলকে আলাদা করে তা পরীক্ষা করার ব্যবস্থা (কোয়ারেনটাইন) খুবই দুর্বল। বিদেশ থেকে অথবা দেশের এক স্থান থেকে অন্য স্থানে কোনো ফল ও ফসল নিয়ে যাওয়ার সময় তাতে কোনো রোগ-জীবাণু আছে কি না, তা সঠিকভাবে পরীক্ষা করা হয় না। ওই পরীক্ষাব্যবস্থা না থাকায় দেশে গমের ব্লাস্টের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে। ফলে রোগ প্রতিরোধী ফসলের জাত যেমন উদ্ভাবন করতে হবে, তেমনি রোগ-জীবাণু যাতে না ছড়িয়ে পড়ে, সেই সুরক্ষামূলক ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘গমের ব্লাস্ট রোগ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব সাবধানবাণী শোনান। তাঁরা গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে বাংলাদেশ ও বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে সাফল্য আসার তথ্য তুলে ধরে বলেন, গমের ব্লাস্ট রোগ যাতে অন্য কোনো ফসলে ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন গমের ব্লাস্ট রোগের জীবাণুর জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তোফাজ্জল ইসলাম। তিনি ব্লাস্ট রোগের জীবাণু চিহ্নিত করার ক্ষেত্রে গণমাধ্যম ও বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানীদের সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে বলেন, সবার চেষ্টায় আগামী দুই-তিন বছরের মধ্যে ব্লাস্ট রোগ প্রতিরোধী গমের জাত উদ্ভাবন করা সম্ভব হবে।
ড. তোফাজ্জল বলেন, ব্লাস্ট রোগের জীবাণু এতটাই মারাত্মক যে বীজ শোধন ও ছত্রাক প্রতিরোধক দিয়েও তা নির্মূল করা যাচ্ছে না। তিনি আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের নয়টি জেলায় ওই রোগ ছড়িয়ে পড়েছিল। এ বছর বৃষ্টি না হওয়া সত্ত্বেও জানুয়ারিতেই দেশের চারটি জেলায় ওই রোগের সংক্রমণ দেখা গেছে। এমনকি ভুট্টার পাতাতেও ওই রোগের জীবাণু দেখা গেছে। তবে ভুট্টা বা অন্য কোনো ফসলের দানায় তা এখনো ছড়ায়নি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আজ আমরা গমের ব্লাস্ট রোগ নিয়ে চিন্তিত। কিন্তু ভবিষ্যতে এর চেয়ে ভয়ংকর কোনো রোগ ছড়িয়ে পড়বে কি না, তা আমরা জানি না। ফলে দেশে যাতে জীবাণুযুক্ত বীজ ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য আগেই সাবধান হতে হবে।’
সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. সেকেন্দার আলী গবেষণা প্রতিষ্ঠান সাউরেসের পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম। সেমিনারের শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশ্নের উত্তর দেন তোফাজ্জল ইসলাম।