কৌঁসুলি না থাকায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার কার্যক্রম চলাকালে রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলিকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী এ কে এম ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গতকাল ট্রাইব্যুনালে শুনানির দিন ধার্য ছিল। এই শুনানি দুই মাসের জন্য মুলতবি চেয়ে ফখরুলের আইনজীবী মো. মিজানুর রহমান একটি আবেদন করেন। কিন্তু এ সময় রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত ছিলেন না।
পরে ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করে আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে আদেশে বলেন, রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি উপস্থিত না থাকা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। শুনানির সময় রাষ্ট্রপক্ষের কোনো কৌঁসুলি কেন উপস্থিত ছিলেন না, তা আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলিকে লিখিতভাবে জবাব দিতে হবে।
চিকিৎসার জন্য রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বর্তমানে বিদেশে আছেন। রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘মামলার তারিখ প্রসিকিউশন অফিসের কেস ডায়েরিতে উল্লেখ থাকার পরও সংশ্লিষ্ট কৌঁসুলি কেন উপস্থিত থাকতে পারেননি, তা খুঁজে বের করে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কোন কৌঁসুলি এই মামলা পরিচালনা করছেন—জানতে চাইলে হায়দার আলী বলেন, ‘এই মামলাটি প্রথম দিন থেকে পরিচালনা করছেন জেয়াদ-আল-মালুম, তাপস কান্তি বল ও জাহিদ ইমাম। তাঁদের মধ্যে তাপস কান্তি বলকে জানানো হয়েছিল, কিন্তু কেন তিনি উপস্থিত থাকতে পারেননি, তা জানার চেষ্টা করছি।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, ‘এটা নিতান্তই একটি দাপ্তরিক ভুল। কেস ডায়েরিতে মামলার তারিখ উল্লেখ থাকার পরেও সেটা সংশ্লিষ্ট কোনো কৌঁসুলিকে জানানো হয়নি। আমাকে দপ্তর থেকে জানানো হয়েছিল বলে যেটা বলা হচ্ছে, তা সঠিক নয়। আমি বিষয়টি জেনেছি ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার পরে।’