কেড়ে নিন সু চির নোবেল
>

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী, পুলিশ ও এলাকার সশস্ত্র লোকজন যে সুপরিকল্পিত, সমন্বিত জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে প্রধান গণমাধ্যমগুলোয় প্রতিবেদন ও ছবি ছাপা হচ্ছে। বিশিষ্ট কলামিস্টরা ক্ষুব্ধ হয়ে কলম ধরেছেন। কার্টুনিস্টরা বিদ্রূপবাণ ছুড়ছেন। সেগুলোর কয়েকটি এখানে তুলে ধরা হলো।
আমাদের মধ্যে খুব কম লোকই আছেন, যাঁরা রাজনৈতিক নেতাদের কাছে থেকে বেশি কিছু প্রত্যাশা করেন, কেননা তা দুরাশা। তবে অং সান সু চির প্রতি আমাদের আস্থা ছিল। তাঁর নামটি শুনলে দুর্দশার মধ্যেও স্থৈর্য এবং দৃঢ়তার মনোভাব জাগে, স্বাধীনতার অদম্য লড়াইতে সাহস আর প্রতিজ্ঞার বল পাওয়া যায়। তিনি ছিলেন আমাদের সবার প্রেরণা।

আমার অনেক বন্ধু তাঁদের কর্মজীবন উৎসর্গ করেছিলেন সামরিক বাহিনীর বন্দিদশা থেকে সু চির মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। ১৯৯১ সালে সু চির নোবেল পাওয়া, ২০১০ সালে গৃহবন্দীর দশা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হওয়া এবং ২০১৫ সাধারণ নির্বাচনে তাঁর বিপুল বিজয়—প্রতিটি মুহূর্তেই আমরা রীতিমতো উৎসব করেছি।
এগুলোর কোনোটাই ভোলার নয়। একা বন্দী অবস্থায় রাখা, শারীরিক লাঞ্ছনা এবং পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করে রাখা—সামরিক জান্তার হেন নিপীড়ন নেই যে তিনি ভোগ করেননি। কিন্তু সমসাময়িক এমন কোনো রাজনৈতিক নেতা নেই, যাঁকে নিয়ে এমন পর্বতপ্রমাণ উচ্চাশা পোষণ করে এত নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যাত হতে হয়েছে।
এখন মিয়ানমারের মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, কোনো বিচারেই তা গ্রহণযোগ্য নয়। আর সু চি এত বছর ধরে যে মান দেখিয়ে এসেছেন, সে অনুযায়ী এটা তো উদ্ভট। জাতিসংঘ রোহিঙ্গাদের ‘বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে। সু চি ক্ষমতা গ্রহণ করার পরও রোহিঙ্গাদের সেই অবস্থার পরিবর্তন হয়নি। গণহত্যা প্রতিরোধ এবং শাস্তিসংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী পাঁচটি কাজ যদি ‘কোনো ধর্মীয় গোষ্ঠী, জাতি বা গোত্রকে সম্পূর্ণ বা অংশত ধ্বংস করা উদ্দেশ্যে’ সমাধা করা হয়, তবে সেটা গণহত্যা হিসেবে চিহ্নিত হবে। সু চি মিয়ানমারের অঘোষিত প্রধান হিসেবে ক্ষমতায় আসার পর থেকে এই অপরাধের চারটিই কমবেশি চালিয়ে আসছে মিয়ানমারের সামরিক বাহিনী।
মানছি যে মিয়ানমারের ক্ষমতার এখনো কেন্দ্রবিন্দু দেশটির সেনাবাহিনী। আর সেখানে সু চির ক্ষমতা প্রয়োগের সুযোগ কম। কিন্তু এসব বাধা সত্ত্বেও তিনি আইনি কিংবা বাস্তবিক বেশ কিছু উপায়ে এই অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারতেন। তা ছাড়া সু চির একটি অবিশ্বাস্য ক্ষমতা তো আছেই। তা হলো, তাঁর কথা বলার ক্ষমতা।
গত ফেব্রুয়ারি মাসে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন সু চি পড়েছেন কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে যেসব অপরাধের বর্ণনা আছে তা ভয়াবহ। এই প্রতিবেদনে নারী এবং মেয়েশিশুদের গণধর্ষণের ঘটনা তুলে ধরা হয়েছে। নির্যাতনের পর এসব নারী ও মেয়েদের অনেকেই মৃত্যুবরণ করেছে। কীভাবে পরিবারের সদস্যদের সামনেই শিশু এবং বয়স্কদের একবারে চিরে ফেলা হয়েছে, তার বর্ণনাও আছে সেখানে।
এ প্রতিবেদনে শিক্ষক, বয়স্ক মানুষ এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের চিত্র তুলে ধরা হয়েছে। হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামগুলোর ওপর নির্বিচার গুলিবর্ষণ, ঘর বন্ধ করে রেখে তাতে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা, গর্ভবতী এক নারীকে সেনাদের পিটিয়ে মারার দৃশ্য আর ভূমিষ্ঠ সন্তানকে পিষে মেরে ফেলা—এমন ভয়াবহ সব বর্ণনা আছে সেই প্রতিবেদনে।
এ প্রতিবেদনে বর্ণনা আছে, কীভাবে জোর করে ফসল ধ্বংস করা হচ্ছে এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়ে মানুষদের গ্রামছাড়া করা হচ্ছে।
আর জাতিসংঘের এই প্রতিবেদনটি মাত্র একটি প্রতিবেদন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর ঠিক এ ধরনের আরেকটি প্রতিবেদন তুলে ধরে। রোহিঙ্গাদের ওপর এসব নির্যাতনের পর্বতপ্রমাণ উদাহরণ আছে, যাতে এটা সহজেই প্রমাণিত হয় যে এই জাতিগোষ্ঠীকে মিয়ানমার থেকে একেবারে নির্মূল করার জন্যই এসব ঘটনা ঘটানো হয়েছে।
এই ভয়াবহ নির্যাতন কিছুদিন ধরে আরও বেড়েছে। মিয়ানমার ছেড়ে যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসছেন, তাঁরা ভয়াবহ গণহত্যার বর্ণনা দিচ্ছেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সু চি এক সাক্ষাৎকারে রাখাইনের সংঘাতের জন্য সেখানকার সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, যখন সরকার তাদের জন্য এত কিছু করছে, তখন কেন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। যেখানে এসব ভয়াবহ কাণ্ড ঘটছে, সেই রাখাইন রাজ্যে যাঁরা যাননি, তাঁদের কাছে সু চির এই বিস্ময় সত্যি মনে হতে পারে।
এটা ঠিক, কিছু রোহিঙ্গা অস্ত্র হাতে তুলে নিয়েছেন। গত মাসে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের এক সংগঠনের হামলায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। কিন্তু এর পরপরই সেনাবাহিনী সব রোহিঙ্গার ওপর হামলে পড়ে।
সু চি তাঁর নোবেল বক্তৃতায় বলেছিলেন, ‘যখন মানুষের নিপীড়ন গ্রাহ্য করা হয় না, তখন সংঘাতের বীজ বপন হয়। নিপীড়ন তিক্ততা আনে, সৃষ্টি করে ক্রোধ।’ যেসব রোহিঙ্গা আজ অস্ত্র ধারণ করেছে, তাদেরই ক্রোধকে এখন চলমান এই জাতিগত শুদ্ধি চালানোর একটি অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলা এসব নৃশংসতাকে সু চি শুধু অস্বীকার করছেন না, তিনি সেনাবাহিনীকে সমালোচনার হাত থেকে বাঁচানোর জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করছেন। যেসব মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের পরিচয় তিনি অস্বীকার করেছেন।
যখন একজন রোহিঙ্গা নারী মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগের বিস্তারিত তুলে ধরলেন, তখন অং সান সু চির কার্যালয়ের ফেসবুকে একটি ব্যানার পোস্ট করা হলো। যাতে লেখা রয়েছে ‘ফেইক রেপ’ বা ‘মিথ্যে ধর্ষণ’। সু চি সম্পর্কে যাঁরা জানেন, তাঁদের পক্ষে এটা ভাবা অসম্ভব যে তাঁর অনুমতি না নিয়েই এ ধরনের ব্যানার পোস্ট করা হয়েছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে চাওয়া জাতিসংঘের কর্মকর্তাদের তিরস্কার ও বাধা দিয়েই ক্ষান্ত হয়নি সু চির সরকার। তারা সাহায্য সংস্থাগুলোকে গৃহহীন মানুষদের খাবার, পানি এবং ওষুধ বিতরণেও বাধা দিয়েছে। তাঁর কার্যালয় থেকে অভিযোগ করা হয়েছে, ত্রাণকর্মীরা ‘সন্ত্রাসীদের’ সাহায্য করছে এবং তাদের হুমকিতে ফেলছে।
অং সান সু চি যেসব আদর্শে একসময় বিশ্বাস করতেন, সেই আদর্শ থেকে তিনি এত দ্রুত সরে আসতে পারেন বলে যাঁরা বিশ্বাস করেন না, তাঁরা সু চির অবস্থানের পক্ষে নানা যুক্তি দিতেন। এর মধ্যে আছে ভোটের রাজনীতিতে তাঁর অবস্থান বিপন্ন হোক, এটা তিনি চান না; তিনি চান না সশস্ত্র বাহিনী ক্ষমতা শক্ত করে ধরে রাখার কোনো অজুহাত খুঁজে পাক; তাঁকে চীনকে খুশি রাখতে হবে।
কিন্তু এসব যুক্তি দেওয়া মানুষদের কেউই এখন তাঁদের অবস্থানে নেই। গণতন্ত্রের এক মহান প্রচারক একবার মন্তব্য করেছিলেন, ‘ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে না, যা করে তা হলো ভয়। ক্ষমতা যারা ধরে রাখে, ক্ষমতা হারানোর ভয় তাদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।’ এই মন্তব্যকারী কে? তিনি হলেন অং সান সু চি। এখন তিনি অন্যের স্বাধীনতাকে অস্বীকার করছেন, যে স্বাধীনতা তিনি নিজের জন্য চেয়েছিলেন।
চলতি সপ্তাহে সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের আবেদনে আমি স্বাক্ষর করেছি। আমি মনে করি, নোবেল কমিটি যে পুরস্কার দেয়, তার দায়ভার তাদেরই নিতে হবে। যে নীতি ও আদর্শের জন্য এই পুরস্কারের স্বীকৃতি দেওয়া হয়, পরবর্তী সময়ে পুরস্কারপ্রাপ্তদের কেউ যদি সেই আদর্শ থেকে সরে আসেন, তবে পুরস্কার প্রত্যাহার করে নেওয়া উচিত। আমরা একটি বিশেষ অবস্থাকে বিবেচনা করছি, যখন শান্তিতে একজন নোবেল পুরস্কার বিজয়ী মানবতার বিরুদ্ধে অপরাধকে সহযোগিতা করছেন।
জর্জ মনবিও, দ্য গার্ডিয়ান পত্রিকার কলামিস্ট