কেয়া গ্রুপের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোর প্রথম পাতায় গত ১১ জুলাই প্রকাশিত ‘শীর্ষ ১০০ খেলাপির তালিকা প্রকাশ’ ও ২৫ জুলাই প্রকাশিত ‘ঋণ পুনর্গঠন সুবিধা পাওয়া ব্যবসায়ী: অর্ধেকই নতুন করে খেলাপি’ শীর্ষক সংবাদ দুটির ব্যাখ্যা দিয়েছে কেয়া গ্রুপ। গ্রুপটির চেয়ারম্যান আবদুল খালেক পাঠান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, কেয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। ২০১০ সালে আমদানি করা তুলার মূল্য ২ ডলার থেকে কমে ১ ডলারে নেমে আসে। ওই সময় অনেক রপ্তানি আদেশ বাতিল হয়ে যায়। এ কারণে ঋণ পুনঃতফসিল প্রয়োজন হয়। কেয়া ইয়ার্নের ঋণ পুনঃতফসিল করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা ও অগ্রণী ব্যাংকের রমনা শাখায় আবেদন করা হলেও তারা আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করেনি। একইভাবে কেয়া কসমেটিকসের ঋণ পুনঃতফসিল করতে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখায় আবেদন করা হলেও তারা বাংলাদেশ ব্যাংকে পাঠায়নি। অন্য ব্যাংকগুলোর ঋণ পুনঃতফসিল করার জন্য আবেদন করা হয়, তবে সাউথইস্ট ব্যাংক ছাড়া আর কেউ ঋণ পুনঃতফসিল করেনি। বরং ঋণ পুনঃতফসিলের আবেদন করার পর ব্যাংকগুলো চলতি মূলধন সহযোগিতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ঋণের চেয়ে বেশি মূল্যের জামানত নিয়েও ব্যাংকগুলো চলতি মূলধন প্রদান করছে না এবং জামানত নেওয়া সম্পত্তি ফেরত দিচ্ছে না।
প্রতিবেদকের বক্তব্য: গত ১০ জুলাই অর্থমন্ত্রী জাতীয় সংসদে ১০০ শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেন, তাতে কেয়া গ্রুপেরও নাম ছিল। এ ছাড়া ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক যে কয়েকটি গ্রুপকে ঋণ পুনর্গঠনের সুবিধা দেয়, তাতেও কেয়া গ্রুপ ছিল। পরে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, কেয়া গ্রুপসহ ৫টি গ্রুপ কিস্তি পরিশোধ করছে না। প্রতিবেদনে প্রকাশিত সব তথ্যই ব্যাংকগুলোর নথিপত্র থেকে পাওয়া গেছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।