কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের গ্রাসের কবলে পড়েছে। এতে দিন দিন দ্বীপটি ছোট হয়ে আসছে। পাথর উত্তোলন এবং কেয়াবন উজাড় করায় সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় সৈকত দিন দিন বিলীন হচ্ছে। এ অবস্থায় টেকনাফ থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাঝের এই দ্বীপের প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ কারণে দ্বীপটি রক্ষায় জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় দ্বীপের বিভিন্ন স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে ক্ষতি হয়েছে। তার ওপর জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জোয়ারের পানির আঘাতে ভেঙে দিন দিন ছোট হয়ে আসছে দ্বীপটি। গত কয়েক বছরে দ্বীপের কেয়াবন কেটে আবাসিক হোটেল, কটেজ ও সরকারি বাংলোসহ শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দ্বীপের প্রায় তিন কিলোমিটার বালিয়াড়ি সাগরে বিলীন হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢেউয়ের আঘাতে সৈকতের জমি বিলীন হচ্ছে। স্থানীয় লোকজন জানান, সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়া এলাকার আয়ুব আলী, ইসলাম, মো. ইলিয়াছ, উমর হামজা, আমির হামজা, ফয়েজুর রহমান, আজিজুর রহমানসহ অনেকের পরিবার ভাঙনের কবলে পড়ে দ্বীপ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ইউপি সদস্য নূর মোহাম্মদ বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ভাঙনের কবলে পড়ে দ্বীপের প্রায় দুই শতাধিক পরিবার অন্যত্র চলে গেছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা না হলে বর্ষা মৌসুমে দ্বীপের বহু পরিবার গৃহহীন এবং অনেক এলাকা সাগরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ বলেন, পাঁচ-সাত বছর আগে এখানে অনেক নারকেলবাগান ছিল। ইতিমধ্যে অধিকাংশ বাগান সাগরে বিলীন হয়েছে।এ বি এম আমিনুল হক বলেন, প্রভাবশালী ও কিছুসংখ্যক ভূমিগ্রাসী দ্বীপে পরিবেশ অধিদপ্তর সৃজিত বাগানের সবুজ বেষ্টনী যেমন কেয়াবন, নিশিন্ধা, গংলতা উজাড় করে সৈকত এলাকায় স্থাপনা নির্মাণ করায় জোয়ারের পানি ঢুকে পুরো দ্বীপ এখন হুমকির মুখে পড়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, দ্বীপটি রক্ষায় পাথর বা সিসি ব্লক দিয়ে বেড়িবাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, দ্বীপের সৈকত দিন দিন সাগরে বিলীন হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।