কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ একটির পর একটি শর্ত পূরণ করে যাচ্ছে। একটি শর্ত পূরণের পর তারা নতুন করে আরও একটি শর্ত আরোপ করে। বলে আরও উন্নতি করতে হবে। আমার মনে হয়, রোজ কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করা সম্ভব নয়।’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের আবদুল মান্নানের এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়া না-পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিশ্বের অনেক দেশ জিএসপি সুবিধা পাচ্ছে, যারা আমাদের ধারেকাছেও নেই। তাই প্রধানমন্ত্রী জিএসপি নিয়ে বেশি কথা বলতে বারণ করেছেন।’
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ২০১০ সাল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে ৫৯ হাজার ১১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আইন লঙ্ঘনের কারণে ১৫ হাজার ৯৫১টি প্রতিষ্ঠানকে ১২ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। অন্যবারের মতো এবারও রমজান মাস ভালোভাবে চলে যাবে। কারসাজি করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে। কেউ কারসাজি করলে ব্যবসায়ীদের নিয়েই মোকাবিলা করা হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবি যথেষ্ট সক্ষম প্রতিষ্ঠান। কেউ চাইলেও কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না।
বিশ্বের ৮৭টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এ সম্পর্কে দিলারা বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮৭টি দেশের সঙ্গে বাণিজ্য-ঘাটতির পরিমাণ ২৮ হাজার ৫৬ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। সর্বাধিক ৭ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি রয়েছে চীনের সঙ্গে।
১৩ বছরে ৫১৬ বার ভূমিকম্প: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
দিদারুল আলমের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ২০০১ সাল ২০১৪ সাল পর্যন্ত মোট ৫১৬ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৪৩ বার হয়েছে ২০০২ সালে। সবচেয়ে কম ২৫ বার হয়েছে ২০১৪ সালে। ভূমিকম্প মোকাবিলার জন্য ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমিকম্পে উদ্ধারকাজ পরিচালনর জন্য ৬২ হাজার আরবান সার্চ অ্যান্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে। এ সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমিকম্প মোকাবিলার জন্য ভারী যন্ত্রপাতি কেনা হচ্ছে, যা দিয়ে সুউচ্চ ভবনে অভিযান চালানো যাবে।
মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ আছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী সরকার টু সরকার পদ্ধতিতে শ্রমিক পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এ সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ আছে। নেওয়া শুরু হলে বাংলাদেশও সুযোগ পাবে। মালয়েশিয়ার সঙ্গে চুক্তিতে ১২ বা ১৫ লাখ শ্রমিক পাঠানোর বিষয়টির উল্লেখ নেই।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।