কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা জিএসপি পেতে একটির পর একটি শর্ত পূরণ করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘একটি শর্ত পূরণের পর তারা নতুন করে আরও একটি শর্ত আরোপ করে। বলে আরও উন্নতি করতে হবে। আমার মনে হয় রোজ কেয়ামত পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করা সম্ভব নয়।’
গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের আবদুল মান্নানের এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি-সুবিধা পাওয়া না পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিশ্বের অনেক দেশ জিএসসি-সুবিধা পাচ্ছে, যারা আমাদের ধারে-কাছেও নেই। তাই প্রধানমন্ত্রী জিএসপি নিয়ে বেশি কথা বলতে বারণ করেছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ২০১০ সাল থেকে মার্চ ২০১৬ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে ৫৯ হাজার ১১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ১৫ হাজার ৯৫১টি প্রতিষ্ঠানকে ১২ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। অন্যবারের মতো এবারও রমজান মাস ভালোভাবে চলে যাবে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে। কেউ কারসাজি করলে ব্যবসায়ীদের নিয়েই মোকাবিলা করা হবে। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিসিবি যথেষ্ট সক্ষম প্রতিষ্ঠান। কেউ চাইলেও কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ৫১৬ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৪৩ বার হয়েছে ২০০২ সালে। সবচেয়ে কম ২৫ বার হয়েছে ২০১৪ সালে।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী জি টু জি পদ্ধতিতে শ্রমিক পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ আছে। নেওয়া শুরু হলে বাংলাদেশও সুযোগ পাবে।

প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেল পাঁচটার পর অধিবেশন শুরু হয়।