কেয়ার দুঃখজনক ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শেষে মনের ভুলে উত্তরপত্র নিয়েই বাড়ি চলে যায় কেয়া। পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্রটি না পেয়ে শিক্ষকেরা যান কেয়াদের বাড়িতে। পড়ার টেবিলে ক্লিপবোর্ডে আটকানো প্রশ্নপত্রের নিচে পাওয়া যায় খাতাটি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় কেয়া। সে নিজেই জানত না খাতাটা ক্লিপবোর্ডে প্রশ্নের নিচে রয়ে গেছে।গত মঙ্গলবার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামে এ ঘটনা ঘটে। উত্তরপত্র জমা না দেওয়ার অভিযোগে মোরেলগঞ্জ উপজেলার বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্রী কেয়া খানমকে (১৫) এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। ওই দিন বিকেলে সংশ্লিষ্ট শিক্ষকেরা মেয়েটির বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে ক্লিপবোর্ডে আটকানো উত্তরপত্রটির সন্ধান পান। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে ওই পরীক্ষাকেন্দ্রের দুই পরিদর্শক শেখ আবদুস সোবহান ও মো. মনিরুজ্জামানকে। কেয়া খানম জানায়, মনের ভুলে সে উত্তরপত্রটি সঙ্গে করে নিয়ে এসেছে। খাতা উদ্ধারের আগ পর্যন্ত তার ধারণা ছিল, সে উত্তরপত্রটি জমা দিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে সে বলে, ‘জেনেশুনে কেউ কি নিজের পায়ে কুড়াল মারে!’খাতা উদ্ধারকালে প্রত্যক্ষদর্শী শিক্ষকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়েটা উত্তরপত্রে ভালো লিখেছিল। বাড়িতে আনার পর খাতায় কোনো ঘষামাজা হয়নি। উত্তরপত্রটি বেশ পরিচ্ছন্ন ছিল। বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন বলেন, ‘কেয়া কচুয়া উপজেলার বাধাল গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর মোল্লার মেয়ে। সে খুব মেধাবী। স্কুলে মানবিক শাখায় তার রোল নম্বর ছিল ১। আমরা আশা করছিলাম, মেয়েটা জিপিএ-৫ পাবে।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘মেয়েটা এখন বড় বিপদে জড়িয়ে গেছে। আমি ওকে ক্ষমা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাই।’ মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১২ নম্বর কক্ষের অন্যতম কক্ষ পরিদর্শক ও দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আবদুস সোবহান বলেন, ‘কীভাবে যে ঘটনাটি ঘটেছে বুঝতে পারছি না। তাড়াহুড়োর মধ্যে আমরাও বিষয়টি খেয়াল করতে পারিনি। পরে খাতা গুনে দেখি একটি খাতা কম পড়ছে।’ মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্র সচিব মোদাচ্ছের আলী বাদী হয়ে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ সংশোধনী ১৯৯২-এর ৭ ধারায় কেয়া খানমের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তিনি জানান, এই আইনে দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কেয়ার বাবা জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘আমার মেয়েটি ভোলামনের। আমি অনেক কষ্ট করে, খেয়ে না খেয়ে দুই ছেলেমেয়েকে পড়ালেখা শেখাচ্ছি। কীভাবে যে এ কাজ হলো তা বুঝতে পারছি না। মেয়ের হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি।’