কেয়ার্ন ও হেলিবার্টনের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেয়ার্ন এনার্জি ও হেলিবার্টনের সঙ্গে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গত ২৬ সেপ্টেম্বর পেট্রোবাংলার সঙ্গে কেয়ার্ন এনার্জির সম্পাদিত চুক্তির প্রতিবাদ করে কমিটির নেতারা বলেন, তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির জন্য কেয়ার্ন এনার্জি ও হেলিবার্টনকে যে অধিকার দেওয়া হয়েছে, তা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আত্মঘাতী সিদ্ধান্ত। এতে গ্যাসের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।গতকাল বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা পরিচালনা করেন খান আসাদুজ্জামান।বক্তারা বলেন, নতুন চুক্তির কারণে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে। এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতির ওপর। এ ছাড়া, এই চুক্তির ফলে ভবিষ্যতে উৎপাদন বণ্টন চুক্তি সংশোধন বা লঙ্ঘনের এই ধারা অন্য বহুজাতিক কোম্পানিগুলো অনুসরণ করবে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোর্শেদ আলী, ওয়ার্কার্স পার্টির নুরুল হাসান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের খালেকুজ্জামান লিপন, ন্যাপের আবদুর রশিদ সরকার প্রমুখ।