কৈবল্যধামের ভূমি দখলের চেষ্টা বন্ধের দাবি
সড়ক সম্প্রসারণের নামে চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ কলোনি এলাকায় অবস্থিত শ্রীশ্রীকৈবল্যধামের ভূমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ধামের ভক্তরা। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে প্রায় দুই শ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে কৈবল্যধামের ভূমি দখলের চেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু ভূমিদস্যু ও কাউন্সিলর জহুরুল ধামের কিছু জমি সড়ক সম্প্রসারণের নামে দখল করতে চাইছে। ১৭ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধামের সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করা হয়। এতে প্রাচীরে ফাটল দেখা দিয়েছে। তা ছাড়া ধামের নিজ জায়গায় কাউন্সিলর ও তাঁর লোকজন সীমানাপ্রাচীর দিতে বারবার বাধা দিচ্ছেন। ওই অংশে থাকা সীমানা পিলার রাতের অন্ধকারে চুরি হয়ে যায়। ধামের স্বেচ্ছাসেবক সুশেন কুমার দাশ, উত্তম দাশ, তপন দাশ প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর জহুরুলকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরে আর ফোন ধরেননি।